আর্জেন্টিনা
ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশিপ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের
জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিসেবা প্রদানকারী কোম্পানি ‘বিকাশ’। আজ সোমবার (৮ মে) ওই চুক্তি সই হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিকাশ। বাংলাদেশের প্রথম কোনো কোম্পানি আর্জেন্টিনা ফুটবল
দলের স্পন্সর হিসেবে নাম লিখিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের প্রতি বিশ্বব্যাপী ধারাবাহিক সমর্থনের অংশ
হিসেবে এএফএ বিশেষ করে বাংলাদেশ, ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা ধরনের
ব্র্যান্ড সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করে আসছে। সেই প্রেক্ষাপটেই একসঙ্গে কাজ করতে
বাংলাদেশের সেরা ব্র্যান্ড বিকাশকে বেছে নিয়েছে এএফএ। স্বপ্নের ফুটবল সুপারস্টারদেরকে
বাংলাদেশের ভক্ত-অনুরাগীদের আরো কাছাকাছি এনে দেবে এই উদ্যোগ। এই অংশীদারিত্বের ফলে
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং বিকাশ–
উভয়েই আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে।
এএফএ-এর প্রেসিডেন্ট
ক্লাউদিও ফ্যাবিয়ান তাপিয়া বলেন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল পুরো বিশ্বকাপজুড়েই
বাংলাদেশীদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম বাংলাদেশী
আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হিসেবে বিশ্বনন্দিত ফিনটেক কোম্পানি বিকাশকে পেয়ে ভীষণ
আনন্দিত। এরকম অংশীদারিত্বের ফলে আমরা নতুন নতুন অঞ্চলগুলোতে যেতে পারবো যেখানে আমাদের
জাতীয় ফুটবল দলের অগণিত ভক্ত রয়েছেন। এ অনন্য অভিযাত্রায় আমরা বিকাশকে স্বাগত জানাই।
বিকাশের প্রতিষ্ঠাতা
ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ধ্রুপদী ও ছন্দময় আর্জেন্টাইন ফুটবল
এবং তাদের তারকা-সমৃদ্ধ দলগুলো যুগ যুগ ধরে সারা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। ২০২২
বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশী ভক্তদের প্রাণঢালা সমর্থন
বিশ্বব্যাপী অকুণ্ঠ প্রশংসা পেয়েছে। বিশ্বের শীর্ষ ফুটবল দল আর্জেন্টিনা এবং লিওনেল
মেসির মতো খেলোয়াড়রা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্র্যান্ড বিকাশ-এর সহযোগী হতে আগ্রহী
হয়েছে। খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে এই অংশীদারিত্ব সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন
করবে, পাশাপাশি সারা বিশ্বের কাছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পকে আরো গভীরভাবে জানাতে
সাহায্য করবে।
এএফএ-এর চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার লিয়ান্দ্রো পিটারসেন বলেছেন, চীন, ভারত, মধ্যপ্রাচ্যের পর এখন বাংলাদেশেও এএফএ ব্র্যান্ডের বৈশ্বিক সম্প্রসারণ হলো। এখন আর্জেন্টিনা ফুটবল টিমের ভক্ত ও বিকাশ ব্যবহারকারীরা তাদের প্রিয় খেলোয়াড়দের আরো কাছে আসতে পারবেন। এএফএ এবং বিকাশ যৌথভাবে একে অপরের প্রচারণায় ও ব্র্যান্ড ভ্যালু বাড়াতে কাজ করবে।










