ইংলিশ প্রিমিয়ার লিগে জমে উঠেছে শিরোপার লড়াই। রোববার ওয়েস্ট হ্যামের মাঠে ২-০ গোলের লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি লিগ লিডার আর্সেনাল। ফলে দ্বিতীয় স্থানধারী ম্যানচেস্টার সিটির চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল গানাররা। এতে সিটির শিরোপা ধরে রাখার সম্ভাবনা বাড়ল। যদিও পেপ গার্দিওলার দলের সামনেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে কাছাকাছি সময়ে খেলা রয়েছে বলে প্রচণ্ড চাপের মুখে সিটিজেনরা।

 

৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল, ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি।

 

আগামী শনিবার এফএ কাপ সেসিফাইনাল রয়েছে ম্যানসিটির। এ সময় তারা লিগের ম্যাচ খেলতে পারছে না। এটা আর্সেনালের ওপর থেকে কিছুটা চাপ কমাবে। শুক্রবার রাতে সাউদাম্পটনকে হারালে সিটির চেয়ে সাত পয়েন্টে এগিয়ে যাবে আর্সেনাল। যদিও সিটির চেয়ে তাদের দুই ম্যাচ বেশি খেলা হবে। এরপর ২৬ এপ্রিল মিকেল আরতেতার দল যাবে ইতিহাদে। সিটির মাঠে জিতলে ১০ পয়েন্টে এগিয়ে যাবে আর্সেনাল। তখন হঠাৎই সিটিকে বিপদগ্রস্ত মনে হতে পারে। পেপ গার্দিওলার দল ম্যাচ কম খেললেও পয়েন্টের একটা চাপ অনুভব করবে।

 

রোববার লন্ডন স্টেডিয়ামে ১০ মিনিটের মধ্যেই ২-০ গোলের লিড নিয়েও জিততে পারেনি আর্সেনাল। ধুঁকতে থাকা ওয়েস্ট হ্যামই কিনা চমক দেখিয়ে দুই গোল করে আর্সেনালকে জয়বঞ্চিত রাখে।

 

এমন ড্রয়ের পর আর্সেনাল কোচ আরতেতা বলেন, ‘‌খুবই হতাশাজনক। আমরা দুর্দান্ত সূচনা করি, ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল আমাদেরই হাতে, এরপর সহসাই উদ্দেশ্যহীন হয়ে পড়ি। তৃতীয় কিংবা চতুর্থ গোলের জন্য যে ক্ষুধা থাকার প্রয়োজন ছিল, তা আমাদের মধ্যে দেখা যায়নি।’

 

আর্সেনালের টানা দুই ম্যাচে দুই গোলের লিড বিসর্জন দেয়ার ঘটনা একটা অশনিসঙ্কেত বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। ব্ল্যাকবার্নের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয় করা সাবেক স্ট্রাইকার ক্রিস সাটন বলেন, ‘‌গত দুই ম্যাচে আর্সেনালের দুই গোলের লিড বিসর্জন দেয়ার পর প্রশ্ন উঠতে পারে, এই ধকল কাটিয়ে উঠে শিরোপা জয়ের মতো মানসিক সহিষ্ণুতা আর্সেনালের আছে কি? আর্সেনালের শিরোপা ভাগ্য এখন তাদেরই হাতে। তবে গত মৌসুমে ম্যানসিটি যেমনটি খেলেছে, সেই হিসেবে বললে বড় একটি লাফ দেয়ার সামর্থ্য তাদের আছে। আমার সংশয় লাগে, আর্সেনাল খেলোয়াড়রা হয়তো ম্যাচের পর ড্রেসিংরুমে বসেই ছিল, হয়তো এটা তাদের হৃদয়ে রক্তক্ষরণ করছিল।’

 

এদিকে, রোববার নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড অ্যান্টনি ও ৭৬ মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার দিওগো দালোত গোল করে ম্যানইউর জয় নিশ্চিত করেন।