ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে আজ ফুটবল উৎসব। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির জন্যই ফুটবল এ শহরের প্রাণ। তবে আজ সেটি পাচ্ছে ভিন্ন মাত্রা। আজ ম্যানচেস্টার ডার্বি। ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ডের দুই পরাশক্তি। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে হাইভোল্টেজ এ লড়াই।

ম্যানচেস্টার সিটি বর্তমান লিগ চ্যাম্পিয়ন, আর ম্যানচেস্টার ইউনাইটেড এখন ‘ঘুমন্ত দৈত্য’। তবে নগর প্রতিদ্বন্দ্বীকে সামনে পেলে তারাও যেন ফিরে পায় হারানো সুর আর ছন্দ। তাই আজকের ম্যাচে সতর্ক থাকবে ম্যানচেস্টার সিটি। দলটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, তার দল এ ম্যাচে যেন আবেগের বশবর্তী না হয়, তারা যেন মনোযোগ দেয় ফুটবল আর ট্যাকটিকসের দিকে।

গত অক্টোবরে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে ম্যানইউকে ৩-০ গোলে হারায় ম্যানসিটি। এখন লিগ টেবিলে তারা ১৫ পয়েন্টে পেছনে ফেলেছে ম্যানইউকে। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি আর ম্যানইউ ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে।

তবে আজকের লড়াই জমে ওঠার দাবি রাখে, কারণ বর্তমানে দুই দলই ভালো ফর্মে রয়েছে। ম্যানসিটি ১৮ ম্যাচে অপরাজিত, আর ম্যানইউ ২০২৪ সালে মাত্র একটি ম্যাচে হেরেছে। সিটি কোচ গার্দিওলা তাই দলকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এই ধরনের ম্যাচ নিয়ে আমার যে অভিজ্ঞতা তা হলো আপনাকে অধিকতর শান্ত ও নির্ভার থাকতে হবে এবং খুব বেশি কথা বলা যাবে না। কেবল ট্যাকটিকসের দিকে নজর দিন এবং তাদের হারাতে হলে আপনাকে সেটিই করতে হবে। এখানে আবেগের কোনো স্থান নেই। এটি আপনাকে জেতাবে না, জেতাবে ট্যাকটিকস।’