ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। সিটির মাঠ ইতিহাদে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে উত্তাপের এই সিটি ডার্বি।

ম্যানসিটি ও ম্যানইউ উভয় দলই খারাপ সময় পার করছে। বর্তমান চ্যাম্পিয়ন সিটি ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে। অন্যদিকে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলে ১৩তম ম্যানইউ।

১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। এরপর চেলসি (৩১), আর্সেনাল (২৯) ও ম্যানসিটি। আজ চেলসি ঘরের মাঠে খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে, টটেনহ্যাম খেলবে সাউদাম্পটনের মাঠে।

প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে হেরেছে ম্যানইউ। ২০১৫ সালে লুই ফন গালের সময় টানা তিন ম্যাচ হেরেছে রেড ডেভিলরা। এবার নতুন কোচ রুবেন আমোরিমের অধীনেও টানা তিন ম্যাচ হারের শঙ্কা জেগেছে। যদিও পর্তুগিজ কোচ তার শীর্ষ লিগের ক্যারিয়ারে কখনো টানা তিন ম্যাচে হারেননি। আজ শীর্ষ লিগে কোচ হিসেবে আমোরিমের ১৭২তম ম্যাচে। এদিকে সিটিও দুঃসময় পার করছে। ডিসেম্বরে সব ধরনের প্রতিযোগিতায় চার ম্যাচ খেলে তাদের জয় একটি। প্রিমিয়ার লিগে লিভারপুলের মাঠে ২-০ গোলের হারের পর নটিংহ্যামকে হারায় পেপ গার্দিওলার দল। এরপর ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র। সর্বশেষ ১১ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে জুভেন্টাসের মাঠে ২-০ গোলে হেরেছে সিটিজেনরা।

সিটি ডার্বিতে সব মিলিয়ে ১৭২ ম্যাচে ৬৭ জয় নিয়ে এগিয়ে রয়েছে ম্যানইউ। আর ম্যানসিটির জয় ৫৬টি। গত আগস্টে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়, যে ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। দুই দলের সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিই জিতেছে ম্যানসিটি, যা তাদের আগের ১৩ মোকাবেলায় পাওয়া জয়ের চেয়েও বেশি।

সিটির মাঠে সর্বশেষ তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচই হেরেছে ম্যানইউ। এ সময় তারা হজম করেছে ১৩টি গোল। ১৯৫২ থেকে ১৯৫৫ সালের মধ্যে সিটির কাছে টানা চার ম্যাচে হেরেছিল রেড ডেভিলরা। আজ সিটিজেনরা জিতলে ম্যানইউ আগের সেই রেকর্ড ছুঁয়ে ফেলবে।

ম্যানসিটির কাছে প্রিমিয়ার লিগে ২০টি ম্যাচে হেরেছে ম্যানইউ, যা দ্বিতীয় সর্বোচ্চ। আর্সেনালের কাছে সর্বোচ্চ ২১ ম্যাচে হেরেছে রেড ডেভিলরা।

চলতি মৌসুমে এরই মধ্যে ম্যানসিটিকে হারের স্বাদ দিয়েছেন আমোরিম। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটিকে ৪-১ গোলে হারায় আমোরিমের দল স্পোর্টিং লিসবন। সম্প্রতি তিনি লিসবন ছেড়ে ম্যানইউর কোচ হিসেবে যোগ দিয়েছেন। এবার সিটিকে হারানোর চ্যালেঞ্জ তার সামনে। এর আগে মাত্র একজন কোচ দুটি ভিন্ন ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নকে হারানোর কৃতিত্ব দেখান। ২০১৪-১৫ মৌসুমে নিউক্যাসল ও ক্রিস্টাল প্যালেসের কোচ হিসেবে তখনকার বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারানোর কৃতিত্ব দেখিয়েছিলেন কোচ অ্যালান পারদিউ।

ম্যানইউর বিপক্ষে দারুণ রেকর্ড নিয়ে নামছেন ম্যানসিটির নরওয়েজিয়ান ফরওয়ার্ড আর্লিং হালান্ড। রেড ডেভিলদের বিপক্ষে প্রিমিয়ার লিগে মাত্র চারটি ম্যাচে ৯ গোলে তার সম্পৃক্ততা রয়েছে। এর মধ্যে নিজে করেছেন ৬ গোল, অ্যাসিস্ট করেন আরো ৩ গোলে। এটুকু সময়েই তিনি রেকর্ড গড়েছেন। সিটির আর কোনো খেলোয়াড়ই ম্যানইউর সঙ্গে এত গোলে সম্পৃক্ত ছিলেন না।

প্রিমিয়ার লিগে সিটি ডার্বিতে সর্বোচ্চ ৮ গোল করেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড সার্জিও আগুয়েরো। ৬ গোল করে এরপরেই আছেন হালান্ড ও ফল ফডেন।

এদিকে স্প্যানিশ লা লিগায় আজ টেবিল টপার বার্সেলোনা মাঠে নামছে। কাতালানরা খেলবে লেগানেসের বিপক্ষে। অ্যাটলেটিকো ঘরের মাঠে খেলবে গেতাফের বিপক্ষে।