ক্রাইস্টচার্চে শুক্রবার প্রথম টি২০ ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৪ রান তোলে নিউজিল্যান্ড। এরপর পেসার লিয়া তাহুহু ও হেইলি জ্যানসেনের ভয়ংকর বোলিংয়ের মুখে মাত্র ৩২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাহুহু ৬ রানে ৪টি ও জ্যানসেন ৮ রানে ৩টি উইকেট নেন। নিগার সুলতানা জ্যোতিরা হেরেছেন ১৩২ রানের বিশাল ব্যবধানে।
টি২০ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর গড়ে লজ্জাজনক হারের মুখে পড়া বাংলাদেশ আজ ডুনেডিনে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। সিরিজে টিকে থাকতে এই ম্যাচটি জিততেই হবে। বুধবার কুইন্সটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
টি২০ সিরিজ শেষে সমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ১১, ১৪ ও ১৭ ডিসেম্বর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ওয়েলিংটন, নেপিয়ার ও হ্যামিল্টনে।
গত অক্টোবর মাসে মাঠে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ টি২০তেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ছয় দলের আসরে পঞ্চম হয় নিগারের দল।










