সর্বশেষ ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়া এজাজ প্যাটেল সুযোগই পেলেন না পরের টেস্টে। ঘরের মাঠে পরের সিরিজেই দল থেকে বাদ পড়লেন এই কিউই স্পিনার। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এজন্য গতকাল রাতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। কিন্তু দলে রাখা হয়নি প্যাটেলকে। চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনও। 

তার বদলে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। দলে ফিরেছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার, কাইল জেমিসন, ডেভন কনওয়ে ও ম্যাট হেনরি। 

দারুণ ফর্মে থাকার পরেও কেন দলে জায়গা হয়নি ৩৩ বছর বয়সী প্যাটেলের তার কারণ জানিয়েছেন কোচ গ্যারি স্টিড। নিউজিল্যান্ড কোচ বললেন, ভারতে রেকর্ডগড়া বোলিং, এরপরই বাদ দল থেকে। এজাজের জন্য খারাপ লাগাটাই স্বাভাবিক। তবে আমাদের সবসময়ই ভিন্ন ভিন্ন খেলোয়াড়কে ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য দলে টেনে থাকি। আমাদের স্কোয়াডে যারা আছে, বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে খেলার জন্য আমাদের জন্য তারাই সেরা অপশন।

মাউন্ট মঙ্গানুইয়ে আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

নিউজিল্যান্ডের স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও উইল ইয়ং।