ওমানের মাসকাটে চলমান এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে আজ মঙ্গলবার থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সে ম্যাচের ফল যা-ই হোক না কেন বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা নিশ্চিত হয়ে গেছে।

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। এই আসরে এশিয়া থেকে ভারতসহ সাতটি দল খেলবে। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে স্বাগতিক হিসেবে নয়, সরাসরিই তারা যুব বিশ্বকাপে খেলবে। বাকি ছয় দলের মধ্যে অন্যতম বাংলাদেশ।

মাসকাটে ১০ দলের জুনিয়র এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। তৃতীয় ম্যাচে তারা ২-২ গোলে ড্র করে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে। চতুর্থ ম্যাচেও ড্র। এবার তারা ১-১ গোলে ড্র করে চীনের সঙ্গে। পঞ্চম ম্যাচে আজ থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যকার ম্যাচের বিজয়ী খেলবে বাংলাদেশের বিপক্ষে। সে হিসেবে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচটি বাংলাদেশের জন্য কঠিনই হবে। তারপরও বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় ওই ম্যাচটি নিয়ে দুর্ভাবনা নেই লাল-সবুজ জার্সিধারীদের।

আসরের সেমিফাইনালে উঠেছে ভারত, পাকিস্তান, জাপান ও মালয়েশিয়া। সেমিতে ভারত খেলবে মালয়েশিয়ার বিপক্ষে, পাকিস্তানের প্রতিপক্ষ জাপান।