এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান মহারণ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এ ম্যাচটি। যে দলই এই ম্যাচে জিতুক না কেন, ইতিহাস গড়বেন বিরাট কোহলি। এটি হবে তার শততম টি২০। প্রথম ভারতীয় ও ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি২০—এই তিন ফরম্যাটেই ন্যূনতম ১০০ ম্যাচ খেলার গৌরবের অধিকারী হতে চলেছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। তার আগে একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই ন্যূনতম ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন নিউজিল্যান্ড গ্রেট রস টেলর।
ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকার মুহূর্তে কোহলিকে অভিনন্দন জানিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তার সাবেক সতীর্থ দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সব ফরম্যাটেই ১০০ ম্যাচ খেলতে যাচ্ছে বলে বন্ধু বিরাট কোহলিকে আমি অভিনন্দন জানাই। কি অবিশ্বাস্য এক অর্জন। আমরা তোমাকে নিয়ে গর্বিত, শততম ম্যাচের জন্য শুভকামনা। তোমার খেলা দেখার অপেক্ষা আছি।
৩৩ বছর বয়সী কোহলি গত দু বছর ধরে ফর্মে নেই। নিজেকে ফিরে পেতে সম্প্রতি ক্রিকেট থেকেই ছুটিও নিয়েছিলেন। এবার এশিয়া কাপে খেলতে নামছেন নিজের শততম ম্যাচ। দলে ফেরা কোহলি কি মাইলফলকের ম্যাচে ফিরবেন স্বরূপে?
কোহলির ইতিহাস গড়া ম্যাচের দিনই দারুণ এক মাইলফলক হাতছানি দিচ্ছে ভারতীয় দলনায়ক রোহিত শর্মাকে। আজ মাত্র ১০ রান করলেই তিনি এই ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন। ১২১ ম্যাচে ৩ হাজার ৪৯৭ রান নিয়ে বর্তমানে শীর্ষ রান সংগ্রাহক নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ১৩২ ম্যাচে ৩ হাজার ৪৮৭ রান নিয়ে তার পরেই অবস্থান করছেন রোহিত শর্মা। তিন নম্বরে অবস্থান করছেন কোহলি, ৯৯ ম্যাচে তার রান ৩ হাজার ৩০৮।
গত বছর এই দুবাইয়ে টি২০ বিশ্বকাপ ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারানোর কৃতিত্ব দেখায় পাকিস্তান।ওটাই ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম কোনো জয়। রোহিত, কোহলিরা চাইবেন সেই হারের বদলা নিতে।










