পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বোলিং ও বাংলাদেশ জাতীয় দলের তারকা তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে ভর করে চট্টগ্রাম কিংসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল ফাইনালে উঠল ফরচুন বরিশাল। শুক্রবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ কোন দল, তা নির্ধারণ হবে বুধবার, সেদিন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স।
আজ আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৪৯ রান তোলে কিংস। শামীম হোসেন (৪৭ বলে ৭৯) ও পারভেজ হোসেন ইমনের (৩৬ বলে ৩৬) ব্যাটে ভর করে এই পুঁজি পায় দলটি। অবশ্য তাদের সংগ্রহটি বড় হতে দেননি আলী। তিনি ৪ ওভারে ২৪ রান খরচায় নেন ৫ উইকেট। এর মধ্যে ১৯তম ওভারেই ৪ উইকেট শিকার করে রেকর্ড গড়েন। বিপিএলে এক ওভারে ৪ উইকেট নেয়ার কীর্তি আর কারো নেই। অথচ আজই বিপিএলে অভিষেক হলো তার!
আলীর গড়ে দেয়ার ভিতের ওপর দাঁড়িয়ে বরিশালকে সহজ জয় এনে দেন হৃদয় ও ডেভিড মালান। ৫৬ বলে ৮২ রানে অপরাজিত থাকেন হৃদয়, আর মালান করেন ২২ বলে ৩৪ রানের হার না মানা ইনিংস। তামিম ইকবাল ২৬ বলে ২৯ রান করে খালেদ আহমেদের বলে আউট হওয়ার পর ৫২ বলে ৯৫ রানের জুটিতে বরিশালের জয় নিশ্চিত করেন হৃদয় ও মালান।










