আগামীকাল শুরু হচ্ছে একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসর। ৭ দলের এ আসরে প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বেলা দেড়টায় উদ্বোধনী ম্যাচে বরিশালের মুখোমুখি হবে নতুন নামে আসা দুর্বার রাজশাহী। এ ম্যাচের বড় আকর্ষণ পাকিস্তানি পেস তারকা শাহিন শাহ আফ্রিদি। প্রথমবারের মতো বিপিএল খেলবেন বরিশালের হয়ে।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে বরিশালের অনুশীলনে যোগ দেন আফ্রিদি। সেখানে অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের সঙ্গে বেশ খোশমেজাজে দেখা যায় তাকে। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আফ্রিদি জানালেন তামিমের ডাকেই তিনি খেলতে এসেছেন। তার কথায়, ‘আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল ছিল। তামিম ভাই আমাকে যখনই কল করেন (আমি তৈরি থাকি)। গত বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত ছিলাম। গত দুই-তিন বছরই নানা কারণে খেলতে পারিনি। এবার সময় পেয়েছি। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’
অবশ্য টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলতে পারবেন না আফ্রিদি। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকার কথা তার। বরিশালের হয়ে পাঁচটি ম্যাচ খেলতে পারেন ২৪ বছর বয়সী পেসার। এটুকুই উপভোগ করতে চান তিনি। আফ্রিদি বলেন, ‘বিপিএলে খেলতে আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এ দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি অপেক্ষায়। আপাতত সামনে তাকিয়ে। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি ভালো করতে পারব।’
কাল সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি প্রথম পর্ব ঢাকায়, ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি সিলেটে দ্বিতীয় পর্ব, ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি চট্টগ্রামে তৃতীয় পর্ব ও ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত খেলাগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে।










