গতকাল সকালে শেষ ম্যাচে নবাগত জর্ডানের শক্তি আর নকআউটের কথা মাথায় রেখে অধিনায়ক লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের ৬০ মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে নামানো হয় অধিনায়ককে। অল্প সময় খেললেও ডালাসের সবুজে ফুল ফুটিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। মাঠে নামার ২০ মিনিটের মধ্যে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। এ ম্যাচে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।

মেসির মাঠে নামা মানেই গোল, আর গোল করা মানেই নিত্যনতুন রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক মেসির নামের পাশে এখন জ্বলজ্বল করছে ‘১৯’ গোল। বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অবিশ্বাস্য আরেক কীর্তি গড়েছেন তিনি। এ পথে টপকে যান ফরাসি গ্রেট জঁ ফতেঁ ও ব্রাজিল গ্রেট জায়ারজিনহোকে। তারা দুজন টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়েছিলেন।

জর্ডানের রক্ষণ দেয়াল ফাঁকি দিয়ে বাম পায়ের জাদুকরী এক ফ্রিকিকে গোল করেন মেসি। এটা ফ্রিকিক থেকে তার ক্যারিয়ারের ৭২তম গোল, আর আর্জেন্টিনার জার্সিতে ১২তম। ২০২ ম্যাচে তার আন্তর্জাতিক গোল সংখ্যা এখন ১২৩। সর্বোচ্চ ১৪৫ গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো।

১৯ মিনিটে জিওভানি লো সেলসো ও ৩১ মিনিটে পেনাল্টি থেকে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের মুসা আল তামারি ৫৫ মিনিটে একটি গোল পরিশোধ করেন। এরপর ৮০ মিনিটে মেসির সেই রাজসিক গোল।

চলতি টুর্নামেন্টে মেসির পর প্রথম আর্জেন্টাইন হিসেবে গোল করা লো সেলেসো বলেন, ‘আমি তাকে (মেসি) নিয়ে এবং তার সঙ্গে সময় কাটাতে পেরে অনেক খুশি। সত্য কথা বলতে কি, প্রতিদিন তাকে দেখা আমাদের শিহরিত করে। সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

৩৯তম জন্মদিন পালনের তিনদিন পর গতকাল আর্জেন্টিনার ডাগআউটে যখন ওয়ার্মআপ করছিলেন তখনই গ্যালারি থেকে ‘মেসি’ ‘মেসি’ বলে গলা ফাটান সমর্থকরা। তারা কেন মেসিকে এতটা ভালোবাসেন সেটা মাঠে নেমেই তিনি প্রমাণ করেছেন।

মেসিকে বেঞ্চে রাখা নিয়ে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ‘আমি তার (লিও) সঙ্গে কথা বলেছি এবং আমরা একমত হয়েছি যে তাকে দ্বিতীয়ার্ধে নামানোই হবে সেরা সিদ্ধান্ত। এই গ্রুপটিতে তার অবস্থান কী, সেটা প্রমাণ হলো আরেকবার। সে বাইরে থেকে ৫৫ মিনিটে খেলা দেখেছে এবং পরে নামার সময় জেনে যায় যে তাকে কী করতে হবে। তাকে আসলে কোনো কিছু বলে দিতে হয় না।’

শেষ বত্রিশে শনিবার ভোর ৪টায় নবাগত দল আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে মেসির দুর্গ মায়ামিতে। মেজর লিগ সকারে খেলেন বলে মাঠগুলো হাতের তালুর মতোই চেনা মেসির। যদিও স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে টানা তিন ম্যাচ ড্র করে ‘এইচ’ গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে কেপ ভার্দে। জমাট ডিফেন্স নিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের পরীক্ষায় ফেলতে পারে দলটি।

গতকাল ভোরে আটলান্টায় উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ‘কে’ গ্রুপে তৃতীয় হয়ে নকআউটে উঠেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলা কঙ্গো এই প্রথম উঠেছে বিশ্বকাপের নকআউটে। বুধবার রাত ১০টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে দলটি। গতকাল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে ‘কে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। নকআউটে ঘানাকে পেয়েছে হামেশ রদ্রিগেজের দল। ৪ জুলাই সকাল সাড়ে ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটিতে। পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ৩ জুলাই ভোর ৫টায় টরন্টোয় রোনালদো ও মডরিচের দলের লড়াই হবে।

গতকাল ভোর রাতে ‘এল’ গ্রুপের শেষ দুটি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড, ঘানাকে ২-১ গোলে হারায় ক্রোয়েশিয়া। তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ঘানাকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে লুকা মডরিচের ক্রোয়েশিয়া। যদিও রানার্সআপ হয়ে পর্তুগালের মতো শক্ত প্রতিপক্ষ পেয়েছে গত দুই আসরের সেমিফাইনালিস্টরা।

গতকাল আলজেরিয়ার সঙ্গে ড্র করে অস্ট্রিয়া। এই ড্র ইরানকে বিদায় করে দিয়েছে। অস্ট্রিয়া বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসে পরাশক্তি স্পেনের মুখোমুখি হবে। শুক্রবার সকাল ৯টায় কানাডার ভ্যাঙ্কুভারে আলজেরিয়া খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের বিপক্ষে।