এশিয়ান গেমস হকির বাছাইপর্বই বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রথমবারই বাজিমাত করল লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের মাত্র তৃতীয় আন্তর্জাতিক ম্যাচেই দেশের জন্য গৌরব বয়ে আনলেন তারা। এর আগে বাংলাদেশের ছেলেরাও পরবর্তী এশিয়ান গেমসে খেলার টিকিট কেটেছে।

বাছাইপর্বে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি মূল পর্বের টিকিট পায় বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে চায়নিজ তাইপে টেবিলের দুইয়ে ও ৩ পয়েন্ট নিয়ে উজবেকিস্তান তিনে অবস্থান করছিল। হংকং পয়েন্টশূন্য। গতকাল রাতে মুখোমুখি হয় উজবেকিস্তান ও চায়নিজ তাইপে। এ ম্যাচে তাইপে হারলেই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ।

চলতি বছর সেপ্টেম্বর ও অক্টোবরে জাপানের আইচি ও নাগোয়ায় বসছে পরবর্তী এশিয়ান গেমস। ওই গেমসের নারী হকিতে অংশ নেবে মোট ১০টি দল। স্বাগতিক জাপান ছাড়া ২০২২ সালের এশিয়ান গেমস হকির পারফরম্যান্স বিবেচনায় সুযোগ পেয়েছে চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড। বাকি ৪টি দল আসবে বাছাইপর্ব খেলে। এর মধ্যে গতকাল বাংলাদেশ ও ইন্দোনেশিয়া মূল পর্বের টিকিট কাটল। পুল ‘বি’র ম্যাচে সিঙ্গাপুরকে ২-০ গোলে হারিয়ে মূল পর্বে নাম লেখায় স্বাগতিক ইন্দোনেশিয়া। তাদের কাছে হেরেও মূল পর্বে উঠেছে সিঙ্গাপুর, যারা শ্রীলংকা ও কাজাখস্তানকে হারিয়েছে।