ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে তখন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটের খেলা চলছে। জর্দি আলবার সঙ্গে চমৎকার বোঝাপড়ায় দারুণভাবে বল জালে পাঠিয়ে ইন্টার মায়ামিকে পরাজয় থেকে উদ্ধার করলেন লিওনেল মেসি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মেজর লিগ সকারে গ্যালাক্সির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচের ৭৫তম মিনিটে দেজান ইয়োভেলিচের গোলে এগিয়ে যায় গ্যালাক্সি।

বল দখলের লড়াইয়ে মায়ামি এগিয়ে ছিল পুরো ম্যাচে। তবে বল পায়ে রাখা মানেই যে দাপট নয়, সেটিও ফুটে ওঠে এ দিন। ম্যাচে মায়ামি গোলে শট নিয়েছিল ১১টি, এর মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি। ৩৬ শতাংশ সময় বল রেখেও গ্যালাক্সির গোলে শট নেয় ২৪টি, লক্ষ্যে ছিল ৯টি।

এদিন মায়ামিকে হার থেকে বাঁচান গোলকিপার ডেরেক ক্যালেন্ডার। সেভ করেছেন প্রতিপক্ষের ৮টি শট। দলকে বড় বিপদ থেকে বাঁচান ম্যাচের ১৩ মিনিটেই। বক্সের ভেতর মায়ামির সের্হিও বুসকেতস ফাউল করলে পেনাল্টি পায় গ্যালাক্সি। পেনাল্টি শট নেন বুসকেতসের সাবেক বার্সেলোনা সতীর্থ রিকি পুজ। শটে জোরও ছিল বেশ। তবে বাঁদিকে ঝাঁপিয়ে দারুণভাবে তা ঠেকিয়ে দেন ক্যালেন্ডার। প্রথমার্ধে গোলে ১২টি শট নেয় গ্যালাক্সি এবং মায়ামি নেয় দুটি। তবে গোল দেখা পাননি কোনো দলই।

অবশেষে ৭৫তম মিনিটে দেজান ইয়োভেলিচের গোলে এগিয়ে যায় গ্যালাক্সি। এবারও জোরালও শট নেন সেই পুজ। তবে তা ঠেকিয়ে দন ক্যালেন্ডার। ফিরতি বল পান মার্কো ডেলগাডো। তিনি বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা ইয়োভেলিচকে। সার্বিয়ান ফরোয়ার্ড ভুল করেননি বল জালে পাঠাতে।

এগিয়ে যাওয়ার পর শেষ সময়ে রক্ষণেই বেশি মনোযোগ দেয় গ্যালাক্সি। এ পরিক্রমায় ভুল করে বসেন ডেলগাডো। ৮৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে গ্যালাক্সির মিডফিল্ডারকে।

এর তিন মিনিট পরই গোলের দেখা পায় মায়ামি। মেসি পাস দিতে চেয়েছিলেন আলবাকে, কিন্তু গ্যালাক্সির একজন তা ঠেকিয়ে দিলেও তিনি ভুল করে আবার বল দিয়ে বসেন মেসিকেই। এবার তাকে কাটিয়ে মেসি বল বাড়িয়ে দেন বাঁদিক থেকে আগুয়ান আলবাকে। এ ডিফেন্ডার আলতো করে বল ফেরত দেন মেসিকে। তিনি বল পেয়ে বক্সের ভেতর এগিয়ে দেন আবার আলবাকে। বার্সেলোনায় বছরের পর বছর একসঙ্গে খেলে এই যোগাযোগ তো তাদের স্বয়ংক্রিয়।

বক্সের ভেতর বাঁ প্রান্ত থেকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে আলবা বল বাড়িয়ে দেন মেসির দিকে। জটলার ভেতর থেকেই নিখুঁতভাবে বল জালে জড়ান মেসি।