মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিনই ১৫৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে ভারত। এরপরও আজ শনিবার তৃতীয় দিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হাজির হলেন ৮৩ হাজার ৭৩ জন দর্শক!

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোনো টেস্টের তৃতীয় দিন এর চেয়ে বেশি দর্শক হয় সেই ১৯৩৭ সালে। স্যার ডন ব্র্যাডম্যানের খেলা সেই টেস্ট দেখতে তৃতীয় দিন হাজির হয়েছিল ৮৭ হাজার ৭৯৮ জন দর্শক। তারপরেই স্থান করে দিল আজকের দর্শকসংখ্যা।

মেলবোর্নে ৮৩ হাজার দর্শকের সামনে অবিশ্বাস্য লড়াই করে ভারতকে ভরাডুবি থেকে বাঁচালেন নিতিশ কুমার রেড্ডি। ২১ বছর বয়সী ব্যাটার ১৭৬ বল খেলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০৫ রান করে অপরাজিত রয়েছেন। তার বীরত্বে ভারত ১১৬ ওভারে ৯ উইকেটে ৩৫৮ রান তুলে তৃতীয় দিন মাঠ ছাড়ে। অষ্টম উইকেটে ওয়াশিংটন সুন্দরকে (৫০) নিয়ে ২৮৫ বলে ১২৭ রানের দুর্দান্ত এক জুটি গড়েন নিতিশ। এর মধ্যে তার করা ৭৫, আর ওয়াশিংটন করেন ৫০ রান।

ওয়াশিংটন আউট হওয়ার পর দ্রুতই যশপ্রীত বুমরাহকেও হারান নিতিশ। এরপর মোহাম্মদ সিরাজ যোগ দেন নিতিশের সঙ্গে। দুজন ১৫ বল খেলে ৮ রান বোর্ডে যোগ করে মাঠ ছাড়েন।

৫ উইকেটে ১৬৪ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামা ভারত আজ ৭০ ওভার টিকে থেকে ১৯৪ বোর্ডে যোগ করতে সমর্থ হয়। তারা এখনো ১১৬ রানে পিছিয়ে।

পাঁচ ম্যাচের সিরিজটা তিন ম্যাচ শেষে ১-১-এ সমতায় রয়েছে। ভারত মেলবোর্ন টেস্ট জিতে নিলেই বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখবে।