ক্রিস্টিয়ানো রোনালদো ক্রীড়া দুনিয়ায় খ্যাতিমান নাম। সাহসিকতা আর মেধা দিয়ে তিনি ফুটবল বিশ্বের ভালোবাসা কুড়িয়েছেন। ক্যারিয়ারে ৩০টিরও বেশি ট্রফি জিতেছেন। তাকে বিবেচনা করা হয় ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। তবে তার এই যে সাফল্য, খ্যাতি—এসব এমনি এমনি ধরা দেয়নি, এজন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। মদ্যপায়ী বাবার সঙ্গে তার ও পরিবারের ছিল টালমাটাল সম্পর্ক। বাবার কাছ থেকে দূরে থাকার জন্য অনুতাপ করেন রোনালদো, তেমনি এটা ভেবেও অনুতপ্ত হন যে তার সাফল্য দেখে যেতে পারেননি বাবা। লিভারের সমস্যায় তিনি মারা যান।

সাত বছর বয়সে দ্বীপাঞ্চল মাদেইরায় ফুটবল খেলা শুরু করেন রোনালদো। এরপর পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড (দুবার), রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস ঘুরে এখন তিনি খেলছেন সৌদি আরবে। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি কোটি কোটি ইউরো আয় করেছেন। আয় করেছেন মাঠ ও মাঠের বাইরে থেকে। ঈর্ষণীয় বেতনের পাশাপাশি তিনি এনডোর্সমেন্ট থেকে পান কোটি কোটি ডলার। আয় করেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও। টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তার ফলোয়ার ৮০ কোটিরও বেশি! 

ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি রোনালদোর গাড়িবিলাসের কথা কে না জানে। পর্তুগিজ সুপারস্টার তার আয় করা কোটি কোটি ইউরোর বড় একটি অংশ ব্যয় করেছেন নিজের শখ পূরণে, কিনেছেন অসংখ্য গাড়ি। ইউরোপ থেকে সৌদি আরবের আল নাসেরে যোগ দিয়ে তিনি আগের চেয়েও বেশি আয় করছেন। ক্লাবটি তাকে বছরে দিচ্ছে প্রায় ২০ কোটি ইউরো। কাজেই দামি গাড়ি কেনায় তার বেগ পেতে হয় না। ধনী এ ফুটবলার সর্বশেষ নিজের গ্যারেজে যুক্ত করেছেন আরেকটি হাইপারকার ফেরারি ডাইটোনা এসপিথ্রি, যা কেনা হয়েছে ইতালির বিশ্বখ্যাত মারানেলো থেকে। সর্বশেষ বুরাত্তি সেন্তোদিয়েচি যদি তার গ্যারেজের দামি কালেকশন হয়, তবে এবার সেখানে শোভা পাবে ফেরারির সেরা সৃষ্টি। 

ইতালির বর্তমান হাইপারকার লা-ফেরারির সঙ্গে ভি১২ ইঞ্জিন যুক্ত করা নতুন মডেলের ডাইটোনা এসপিথ্রি গাড়িটি তৈরি করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য ৩২ লাখ ৫০ হাজার ইউরো। 

রোনালদোর কালেকশনে ২১টি গাড়ি থাকলেও অল্পদিন আগেও সেখানে ফেরারির কোনো গাড়ি ছিল না। সম্প্রতি তিনি যুক্ত করেছেন এফটুয়েলভ টিডিএফ, এবার কিনলেন ডাইটোনা এসপিথ্রি।

সব মিলিয়ে রোনালদো প্রায় ৩ কোটি ডলার মূল্যের গাড়ি কিনেছেন। ব্ল্যাক অডি থ্রি দিয়ে শুরু। এখন তার গ্যারেজে দুই ডজনেরও বেশি গাড়ি। তার গ্যারেজে আছে অডি, মাসেরাতি গ্রানকাবরিও, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, পোরশে ৯১১ টারবো এস, ম্যাকলারেন, ফেরারিস, বুগাত্তি সেন্তোদিয়েচি, রোলস রয়েস গোস্ট, অ্যাস্টন মার্টিন, ল্যাম্বরগিনি, ফেরারিসহ অসংখ্য মডেলের গাড়ি। 

ডাইটোনা এসপিথ্রি কেনার আগে তার কালেকশনে ছিল বুগাত্তি অত্যাধুনিক সেন্তোদিয়েচি গাড়ি, যার দাম ১ কোটি ২০ লাখ ডলার এবং গত বছর জুন পর্যন্ত মাত্র ১০টি গাড়ি তৈরি করা হয়। এ সুপারকারটি মাত্র ২.৪ সেকেন্ডেই শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে  পৌঁছতে পারে।

কেনার বাইরে রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন খেলার সুবাদে স্পন্সর কোম্পানি অডির কাছ থেকে দুটি গাড়ি উপহার পেয়েছেন রোনালদো। এ দুটি গাড়ির মূল্য যথাক্রমে ৫৫ হাজার ৮০০ ইউরো ও ১ লাখ ১৬ হাজার ৫০০ ইউরো। 

এছাড়া তার বুগাত্তির তিন গাড়ির দাম ১ কোটি ৩১ লাখ ২০ হাজার ডলার, ম্যাকলারেন সেনার গাড়ির দাম ১০ লাখ ডলার, রোলস- রয়েস ফ্যান্টম ও রোলস রয়েস কালিনান গাড়ির দাম ১৩ লাখ ডলার, তিনটি ফেরারির দাম ৯ লাখ ৯৫ হাজার ডলার, ল্যাম্বরগিনির দাম ৩ লাখ ১৮ হাজার ডলার, দুটি বেন্টলি গাড়ির দাম ৫ লাখ ৩১ হাজার ডলার, অ্যাস্টন মার্টিনের দাম ২ লাখ ডলার, মাসেরাতি গ্রানকাবরিওর দাম ১ লাখ ৪০ হাজার ডলার, বিএমডব্লিউর দাম ১ লাখ ৯ হাজার ডলার, মার্সিডিজের দাম ২ লাখ ৪৯ হাজার ৪০০ ডলার, তিনটি পোরশে গাড়ির দাম ৩ লাখ ৩৭ হাজার ৪০০ ডলার। মার্কা, গোলডটকম, অটোবেস্ট।