গত বছর সুইজারল্যান্ডের লুজানে আরচারি বিশ্বকাপ স্টেজ টুতে রোমান সানা-দিয়া সিদ্দিকী জুটি বাংলাদেশকে এনে দিয়েছিলেন রুপার পদক। কিন্তু তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ আরচারি স্টেজ ওয়ানে হতাশ করলেন বাংলাদেশের আট প্রতিযোগী।
শুক্রবার মিশ্র ইভেন্টে রোমানিয়াকে ৫-১ সেটে হারায় বাংলাদেশ। পরের রাউন্ডে চাইনিজ তাইপের কাছে ৬-০ সেটে হেরে বিদায় নেয় তারা। ব্যক্তিগত ইভেন্টেও সবাই বিদায় নিয়েছেন। সাগর ইসলাম মরক্কোর ওমারকে ৭-১ সেটে হারিয়েছেন। পরের রাউন্ডে একই ব্যবধানে জেতেন সাগর। যদিও ১/১৬ রাউন্ডে ইউক্রেনের আরচারের বিপক্ষে ৬-২ সেটে হেরে যান।
দেশসেরা আরচার রোমান সানা ব্রিটেনের আরচারকে ৬-০ সেটে হারিয়ে দারুণ শুরু করলেও পরের রাউন্ডে স্বাগতিক আরচারের মুখোমুখি হন। এ রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৫-৫-এ সমতা ছিল। টাইব্রেকারে রোমান নয় স্কোর করেন। তুরস্করের আরচারের তীর দশের কাছাকাছি বিদ্ধ করে হূদয় ভাঙে রোমানের।
নাসরিন আক্তার প্রথম রাউন্ডে ০-৬ সেটে হেরে গেছেন। আর দিয়া সিদ্দিকী স্লোভাকিয়ান আরচারের কাছে হারেন ৬-৪ সেটে।










