উয়েফার হেডকোয়ার্টারে আজ সোমবার অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র রোমাঞ্চ ছড়ায়। নকআউটে লিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সামনে পড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও কিছুক্ষণ পরই নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানায়, কারিগরি ত্রুটির কারণে ড্র পুনরায় অনুষ্ঠিত হবে। আজ রাত ৮টায় পুনরায় ড্র অনুষ্ঠিত হলে পিএসজি সামনে পায় রিয়াল মাদ্রিদকে। এতে পুরনো ‘শত্রু’ রিয়ালের সামনে পড়লেন মেসি। ‘এল ক্ল্যাসিকো’তে একটি সময় রোমাঞ্চকর দ্বৈরথে লড়তেন বার্সার মেসি ও রিয়ালের রোনালদো। দুজনের কেউই এখন স্পেনে খেলেন না।
স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ প্রথমে পেয়েছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে; এখন তারা খেলবে ম্যানইউর বিপক্ষে, আর বায়ার্ন খেলবে রেড বুল সলজবুর্গের বিপক্ষে। গতবারের রানার্সআপ ম্যানচেস্টার সিটির সামনে পড়েছিল ভিয়ারিয়াল, পেপ গার্দিওলার দল এবার পেয়েছে স্পোর্টিং লিসবনকে, আর ভিয়ারিয়াল পেয়েছে ইতালির জুভেন্টাসকে। বর্তমান চ্যাম্পিয়ন চেলসির প্রতিপক্ষ ঠিকই আছে, দ্বিতীয় ড্রয়েও তারা সামনে পেয়েছে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে। ইতালির ক্লাব ইন্টার মিলানের প্রতিপক্ষ ছিল ডাচ ক্লাব আয়াক্স, এবার ইন্টার পড়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুলের সামনে, আর আয়াক্স খেলবে বেনফিকার বিপক্ষে। বলা যায়, আয়াক্স ও বেনফিকা উভয় দলই ভাগ্যবান। ভাগ্য বদলায়নি অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সলজবুর্গের; আগে প্রতিপক্ষ ছিল লিভারপুল, এখন বায়ার্ন মিউনিখ।
আগামী ১৫, ১৬, ২২ ও ২৩ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দ্বিতীয় লেগের ম্যাচগুলো ৮, ৯, ১৫ ও ১৬ মার্চ। ১৮ মার্চ অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ড্র।
নকআউটে নির্ধারিত সময়ের খেলা শেষে দুই পর্বে মিলিয়ে যে দল গোল ব্যবধানে এগিয়ে থাকবে, তারা কোয়ার্টারে জায়গা করে নেবে। যদি গোল সংখ্যা সমান হয়, তবে হোম ও অ্যাওয়ে গোলের ভিত্তিতে শেষ আটে জায়গা করতে পারবে। এতেও যদি ফলাফল না হয়, তাহলে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হবে দলগুলোকে। তাতেও যদি খেলা টাই হয়ে থাকে, তবে পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলার নিষ্পত্তি হবে।
শেষ ষোলোর লাইনআপ
সলজবুর্গ-বায়ার্ন
লিসবন-ম্যানসিটি
বেনফিকা-আয়াক্স
চেলসি-লিল
অ্যাতলেটিকো-ম্যানইউ
ভিয়ারিয়াল-জুভেন্টাস
ইন্টার মিলান-লিভারপুল
পিএসজি-রিয়াল মাদ্রিদ










