চলমান অ্যাশেজ সিরিজে এখন পর্যন্ত দুইবার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ডেভিড ওয়ার্নার। প্রথম টেস্টে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন, স্কোর ছিল ৯৪ রান। আজ থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টের প্রথম ইনিংসেও অল্পের জন্য শতক মিস করেছেন ওয়ার্নার। আউট হয়েছেন ৯৫ রান করে! নার্ভাস নাইনটিতে গিয়ে আবারো সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।

তবে ওয়ার্নারের আক্ষেপের দিনটা দারুণভাবে শেষ করেছে অজিরা। দিবা-রাত্রি টেস্টের প্রথম দিন শেষে দুই উইকেটে ২২১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন আছেন সেঞ্চুরির পথে। ৯৫ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটার। ১৮ রানে ব্যাট করছেন স্টিভেন স্মিথ।

করোনার ধরা-বাঁধায় এ ম্যাচে খেলতে পারছেন না স্বাগতিকদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তার বদলে এ টেস্টে নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ।

অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড গোলাপি বলের দিবারাত্রি টেস্টে টস জিতে ব্যাটিং নেন অজি অধিনায়ক স্মিথ। শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৪ রানে ওপেনার মার্কাস হ্যারিসের উইকেট হারায় দলটি। প্রথম টেস্টের ধারাবাহিকতায় দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হয়েছেন হ্যারিস। স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে মাত্র ৩ রান করে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে ওয়ার্নার-লাবুশেন জুটি বেঁধে দলকে নিয়ে যান ১৭৬ রান পর্যন্ত। ১৭২ রানে জুটি ভাঙেন বেন স্টোকস।

সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থেকে ফিরতে হয় অজি ওপেনারকে। ব্রডের তালুবন্দী হওয়ার আগে ১৬৭ বলে খেলেছেন ৯৫ রানের ইনিংস। ইনিংসটি সাজিয়েছেন ১১টি চারের বাউন্ডারিতে। এর পর বাকি দিন কোনো বিপর্যয় ছাড়া কাটিয়ে দেন স্মিথ-লাবুশেন। ২৭৫ বল মোকাবেলা করে ৯৫ রানে অপরাজিত আছেন লাবুশেন। সাতটি চার ছিল না মানা ইনিংস। ৭১ বল খেলে ১৮ রানে অপরাজিত আছেন তার সঙ্গী স্মিথ। ইংলিশদের হয়ে অজিদের উইকেট দু’টি নেন স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকস।