ইংলিশ প্রিমিয়ার
লিগে আজ লিভারপুলকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এই
জয়ে শিরোপা ধরে রাখার আশা যেমন বেঁচে থাকল ম্যানসিটির, তেমনি আজ হেরে যাওয়ায় শীর্ষ
চারে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল লিভারপুলের।
ইতিহাদে আজ বড় ব্যবধানে
হারলেও ম্যাচে লিভারপুলই লিড নিয়েছিল। ১৭ মিনিটে মিসরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ
গোল করে এগিয়ে দেন অল রেডদের। সিটির বিপক্ষে ১৮ ম্যাচে এটি সালাহর ১১তম গোল। তার
গোলের দশ মিনিট পর গোল পরিশোধ করে ফেলে সিটিজেনরা। স্বাগতিকদের হয়ে গোল করেন আর্জেন্টাইন
ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। বিরতির পরই ব্যবধান ২-১ করে ফেলেন কেভিন ডি ব্রুইন।
এরপর ৫৩ মিনিটে ইকাই গুন্দোয়ান ও ৭৪ মিনিটে জ্যাক গ্রিয়ালিশ গোল করলে ম্যানসিটির
বড় জয় নিশ্চিত হয়ে যায়।
নরওয়েজিয়ান গোলমেশিন
আর্লিং হালান্ড চোটের কারণে আজ খেলতে পারেননি। সিটির হয়ে এরই মধ্যে ৪২ গোল করে
ফেলা এই তারকা কুঁচকির চোটে ছিটকে গেছেন। তবে সতীর্থরা তার অভাব বুঝতেই দেননি। ম্যাচে
ব্যবধান গড়ে দিয়েছেন ২৭ বছর বয়সী ইংলিশ তারকা গ্রিয়ালিশ। তিনি আলভারেজকে দিয়ে এক
গোল করিয়েছেন, পরে নিজেও করেন একটি। অনবদ্য পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা
খেলোয়াড়।
এই জয়ের পর ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আর্সেনালের
ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে সিটি। সমান ম্যাচে আর্সেনালের সংগ্রহ ছিল ৬৯ পয়েন্ট।










