ভারতের ২২ বছর বয়সী ব্যাটার
জশস্বী জয়সাল বিশাখাপত্তনমে ঠিক আগের টেস্টেই খেলেছেন ২০৯ রানের ইনিংস। এবার রাজকোটেও
হাসল তার ব্যাট। দ্বিতীয় ইনিংসে আজ চতুর্থ দিন ২৩৬ বলে করেছেন ২১৪ রানের অবিশ্বাস্য
এক ইনিংস। তার ডাবলে ভর দিয়েই ইংল্যান্ডকে ৫৫৭ রানের বিশাল টার্গেট দিয়েছে ভারত। জবাব
দিতে নেমে ইংলিশরা গুটিয়ে গেছে ১২২ রানে। ফলে ৪৩৪ রানের বিশাল জয় পেয়েছে রোহিত শর্মার
দল।
রানের হিসেবে এটাই ভারতের
সবচেয়ে বড় জয়। ২০২১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭২ রানে জিতেছিল
ভারত, যা ছিল টেস্টে তাদের সবচেয়ে বড় জয়। এবার সেই জয়টি দুইয়ে নেমে গেল। আর রানে সবচেয়ে
বড় জয়টি ইংল্যান্ডের। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারায় ইংলিশরা। রানে তৃতীয়
সর্বোচ্চ জয়টি বাংলাদেশের। ২০২৩ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানকে ৫৪৬
রানে হারিয়েছিল টাইগাররা।
আজ ১৪টি চার ও ১২ ছক্কার
সাহায্যে দুশোর্ধ্ব ইনিংস খেলার মধ্য দিয়ে একগুচ্ছ রেকর্ডের অধিকারী হয়েছেন জয়সাল।
তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি তার নামের পাশে। ইনিংসে
১২টি ছক্কা মেরেছেন তিনি, যা যুগ্মভাবে টেস্টের রেকর্ড। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে
২৫৭ রানের ইনিংস খেলার সময় ১২টি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের ওয়াসিম আকরাম।
২৮ বছর পর সেই রেকর্ডটা ছুঁয়ে ফেললেন জয়সাল।
ভারতের মাটিতেও ছক্কার
রেকর্ড গড়েছেন জয়সাল। নভজোৎ সিং সিধু ভারতের মাটিতে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ৮টি
ছক্কা মেরেছিলেন।
প্রথম ইনিংসে ভারতের করা
৪৪৫ রানের জবাবে ইংল্যান্ড ৩১৯ রানে গুটিয়ে যায়। এরপর জয়সাল বীরত্বে ভারত ৪ উইকেটে
৪৩০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এতে ইংল্যান্ড পড়ে বিশাল টার্গেটের সামনে। জয়সাল
ছাড়াও শুভমান গিল ৯১ ও অভিষিক্ত সরফরাজ খান ৬৮ রান করেন। জয়সাল ও সরফরাজ খান ষষ্ঠ উইকেট
জুটিতে ১৫৮ বলে ১৭২ রান তুলে রাজকোটের দর্শকদের দিয়েছেন নিখাঁদ বিনোদন। সরফরাজ ৭২ বলে
৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৬৮ রান। তিনি প্রথম ইনিংসে করেন ৬৬ বলে ৬২ রান।
এরপর রবীন্দ্র জাদেজার
ঘূর্ণিতে এলোমেলো ইংলিশরা ৩৯.৪ ওভারে ১২২ রান তুলে সবাই আউট হয়ে যায়। জাদেজা ৪১ রানে
৫টি ও কুলদীপ যাদব ১৯ রানে ২টি উইকেট নেন। প্রথম ইনিংসে ১১২ রান করার পাশাপাশি দুই
ইনিংসে ৭ উইকেট নেয়া জাদেজা হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।
সিরিজে ২-১-এ এগিয়ে গেল
ভারত। ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।










