অকল্যান্ডে আজ সিরিজের প্রথম টি২০ ম্যাচে জমজমাট লড়াই শেষে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়েছে শ্রীলংকা। ইশ সোধি শেষ বলে ছক্কা হাঁকালে ম্যাচ টাই হয়ে যায়। এরপর লংকান স্পিনার মহিশ থিকশানা স্নায়ু শক্ত রেখে সুপার ওভারে মাত্র আট রান দিয়েছেন। নয় রানের টার্গেটে নামা লংকানরা মূল ম্যাচে ফিটটি করা চারিথ আসালঙ্কার ব্যাটে ভর করে সহজেই জয় তুলে নেয়। চলতি সফরে টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজ মিলে এটাই শ্রীলংকার প্রথম জয়।

 

এর আগে ইডেন পার্কে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা আসালঙ্কা ৪১ বলে ৬৭ রান করে শ্রীলংকাকে এনে দেন পাঁচ উইকেটে ১৯৬ রানের বিশাল পুঁজি। দুটি চার ও ছয়টি ছক্কায় এই রান করেন আসালঙ্কা। প্রায় এক বছর পর সীমিত ওভারের দলে ফেরা কুশল পেরেরার ব্যাটও হেসেছে। ৪৫ বলে ৫৩ রান করেন তিনি। এটা টি২০তে পেরেরার ১৩তম ফিফটি, যা তিলকারত্নে দিলশানের সঙ্গে যুগ্মভাবে শ্রীলংকার সর্বোচ্চ। এছাড়া কুশল মেন্ডিস ৯ বলে ২৫, হাসারাঙ্গা ডি সিলভা ১১ বলে ২১ রান করেন। জেমস নিশাম নেন দুটি উইকেট।


 

বড় টার্গেট তাড়া করতে নেমে তিন রানের মধ্যে দুটি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। যদিও এরপর অধিনায়ক টম ল্যাথাম (২৭) ও মার্ক চাপম্যানকে (৩৩) নিয়ে কিউইদের লড়াইয়ে রাখেন ড্যারিল মিচেল। ৪৪ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৬৬ রান করেন তিনি। এরপর জেমস নিশাম (১৯) ও রাচিন রবীন্দ্রর ব্যাটে শেষ মুহূর্তে গড়ায় ম্যাচের উত্তেজনা। শেষ ওভারে ১৩ রানের প্রয়োজন ছিল কিউইদের, তারা তুলতে পেরেছে ১২ রান। দাসুন শানাকার শেষ বলে ছক্কা মেরে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান সোধি (৪ বলে ১০)।

 

সুপার ওভারে বল ও ব্যাটের কোনোটিতেই শ্রীলংকার সঙ্গে পেরে ওঠেনি স্বাগতিকরা।

 

এর আগে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ ও একই ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। এবার টি২০ সিরিজে লিড নিল সফরকারীরা। বুধবার ডানেডিনে দ্বিতীয় ও শনিবার কুইন্সটাউনে তৃতীয় ও শেষ টি২০ অনুষ্ঠিত হবে।