দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার সেই দুঃখ ঘোচানোর সুযোগ এসেছে বিরাট কোহলির দলের সামনে। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ১১৩ রানের জয় পেয়েছে অতিথিরা। জোহানেসবার্গে আগামীকাল শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। এটি জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে সফরকারীদের। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে সাতটি সিরিজ খেলে একটিও জিততে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ২০ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র চারটিতে জিতেছে ভারত, ১০টি টেস্ট জিতেছে স্বাগতিকরা। ছয়টি টেস্ট ড্র হয়।

চলতি সিরিজের পরের দুই টেস্টের মধ্যে একটি জিতলেই ইতিহাস বদলাতে পারবে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। তার ওপর হঠাৎ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কৃতী ব্যাটার ও উইকেটকিপার কুইন্টন ডি কক। এতে অভিজ্ঞ একজন ব্যাটারকে ছাড়াই খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

দক্ষিণ আফ্রিকার উইকেট সব সময়ই পেসবান্ধব। সে অনুযায়ী দলও সাজিয়েছে ভারত। জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুরদের নিয়ে দারুণ পেস বোলিং আক্রমণ কোহলির মূল অস্ত্র। তাদের সঙ্গে আছেন অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিন।

ডি কক না থাকায় অভিষেক হতে পারে উইকেটরক্ষক ব্যাটার রায়ান ডেভিড রিকেলটনের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৯.৮৬ গড়ে ২৬৪৩ রান করেছেন তিনি। দলে আরো এক উইকেটকিপার ব্যাটার কাইলি ভেরেইন আছেন। তিনি এর আগে দুটি টেস্ট খেলেছেন। যদিও সেভাবে নিজেকে তুলে ধরতে পারেননি ভেরেইন। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫১.৯৫ গড় বলছে তিনি ডি ককের জায়গা পেতে পারেন।

ইতিহাস প্রোটিয়াদের পক্ষে, কাগজে-কলমে এগিয়ে ভারতই। অবশ্য হাতের তালুর মতোই চেনা মাঠে ঘুরে দাঁড়াতে সক্ষম প্রোটিয়ারা। ক্রিকইনফো