আইসিসি টি২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিল আফগানিস্তান। স্কটল্যান্ডের পর এবার তারা হারাল নামিবিয়াকে। আজ আবুধাবিতে তারা ৬২ রানের জয় তুলে নেয়।


টস জিতে আগে ব্যাটিং বেছে নেয়া আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান তোলে। মোহাম্মদ শাহজাদ ৩৩ বলে ৪৫, হজরতউল্লাহ জাজাই ২৭ বলে ৩৩ ও আসগর আফগান ২৩ বলে ৩১ রান করেন। নামিবিয়ার রুবেন ট্রাম্পেলম্যান ও ইয়ান নিকোল লোফটি-ইয়াটন দুটি করে উইকেট নেন।


জবাবে আফগান গতিতে বিধ্বস্ত হয় নামিবিয়া। আগের দুই ম্যাচে আফগান স্পিনাররা অনবদ্য পারফর্ম করলেও আজ দলের জয়ে ভূমিকা রাখেন পেসাররা। হামিদ হাসান (৩/৯) ও নবীন-উল-হক (৩/২৬) দুজনই নেন তিনটি করে উইকেট। এছাড়া সাবেক দলনায়ক গুলবাদিন নায়েব ১৯ রানে নেন দুটি উইকেট। তারকা স্পিনার রশিদ খান ৪ ওভারে ১৪ রানের খরচায় একটি উইকেট তুলে নেন। নামিবিয়ার পক্ষে ডেভিড উইজে সর্বোচ্চ ২৬ রান করেন ৩০ বলের মোকাবেলায়। ম্যাচসেরা হয়েছেন নবীন-উল-হক।


এদিকে, দুবাইয়ে আজ রাতের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। চলতি আসরে ভারত ও নিউজিল্যান্ড উভয়ই হেরেছে পাকিস্তানের কাছে। টেবিলে আজই প্রথম পয়েন্ট যোগ করার আশায় মাঠে নেমেছে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের দল।