পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কাতার
বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। শুক্রবার রাতে আল
রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত
সময়ে লড়াই ১-১ গোলে অমীমাংসিত থাকে। এরপর পেনাল্টি শুটআউটে ৪-২ গোলের জয় তুলে নেয়
বলকান দলটি। এ নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হারল সেলেসাওরা।
নেইমারদের কান্নার রাতে আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে
হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট ও ১২০
মিনিটের লড়াই শেষে ২-২ গোলে অমীসাংসিত ছিল।
বিদায়ী আসরে সৌরভ ছড়িয়েই চলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল
মেসি। লুসাইল আইকনিক স্টেডিয়ামে তার জাদুকরি পারফরম্যান্সে ভর করে ডাচদের বিপক্ষে
২-০ গোলের লিড নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে তার
অনবদ্য এক পাসে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন নাহুয়েল মলিনা। মেসির মেধার
স্ফূরণ শেষে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন মলিনা। এটা তার প্রথম আন্তর্জাতিক গোল।
প্রথমার্ধে লিড নিয়ে মাঠ ছাড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধেও আত্মবিশ্বাসী ছিল। ৬৩
মিনিটে মেসির বুলেট গতির ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রস্ট হয়। অবশ্য এর ১০ মিনিট
পরই লক্ষ্যভেদ করেন তিনি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন ৩৫ বছর বয়সী
ফরোয়ার্ড। প্রচণ্ড চাপের মুখে থাকলেও তিনি ঠাণ্ডা মাথায় ডাচ গোলকিপারকে পরাস্ত
করেন। এটা চলতি আসরে তার চতুর্থ গোল।
তবে ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় ভাউট ভেগহর্স্ট শক্তিশালী হেডে গোল করে ব্যবধান
কমান (১-২)। শেষ দিকে প্রচণ্ড চাপ তৈরি করে ডাচ শিবির। ১০ মিনিটের ইনজুরি টাইমেও ছিল
চরম উত্তেজনা। তখন আর্জেন্টিনা লিড ধরে রাখার ও ডাচরা সমতায় ফেরার প্রাণান্ত
চেষ্টা করে। আর্জেন্টাইনদের হূদয় ভেঙে যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করে বসেন সেই
ভেগহর্স্ট। ফ্রি কিকে স্টিভেন বেরগুইস মত পাল্টে নিচু শট দেন, তখন জটলার মধ্যে দাঁড়িয়ে
থাকা ভেগহর্স্ট স্নায়ু শক্ত রেখে নিচু শটে আর্জেন্টিনার গোলকিপারকে পরাস্ত করে
বলকে জালে পাঠিয়েছেন (২-২)। অতিরিক্ত সময়ের খেলায় কোনো দল গোল পায়নি।
টাইব্রেকারে প্রথম দুই শট মিস করে ডাচরা। যদিও পরে টানা তিন শটে গোল করে তারা
টিকে থাকে। লাউতারো মার্টিনেজ শেট শটে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। টাইব্রেকারের
এই রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে জয় পান মেসিরা। আগামী মঙ্গলবার লুসাইল আইকনিক
স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে
আর্জেন্টিনা।










