কোলন ক্যান্সারের কাছে হার মানলেন সর্বকালের
সেরা ফুটবলার পেলে। গতকাল বৃহস্পতিবার দিবাগত (৩০ ডিসেম্বর) রাতে এ খবর প্রকাশ হতেই
শোকে মুহ্যমান ফুটবল দুনিয়া। ৮২ বছর বয়সী প্রয়াতের স্মরণ তিন দিনের শোক ঘোষণা করেছেন
ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসোনারো।
গোল ডটকম জানায়, ব্রাজিলের সান্তোস ফুটবল
ক্লাব ভক্তদের জন্য পেলের শেষকৃত্যের বিবরণ প্রকাশ করেছে।
বর্তমানে আলবার্ট আইনস্টাইন হাসপাতাল রয়েছে
পেলের মরদেহ। সাও পাওলোর এই হাসপাতালে তার শেষ দিনগুলো কেটেছিল।
আগামী ২ থেকে ৩ জানুয়ারির সকাল পর্যন্ত চলবে
তার আনুষ্ঠানিক শেষকৃত্য। সাধারণ মানুষ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিখ্যাত ব্যক্তিদের
জন্য থাকবে আলাদা অভ্যর্থনার ব্যবস্থা। পেলের নিজ শহরে সান্তোসের সড়কে বিশেষ প্যারেডের
পর তার মরদেহ সমাধিস্থ করা হবে ৩ জানুয়ারি সকালে।
শেষকৃত্যের আয়োজন হবে সান্তোসের স্টেডিয়াম
ভিলা বালমিরোতে। মেমোরিয়াল নিক্রোপোল ইকিউমেনিকাতে পরিবারের অন্যান্য সদস্যদের পাশে
তাকে শায়িত হবেন এই কিংবদন্তি। তবে সর্বসাধারণের জন্য সমাধির স্থানটি উন্মুক্ত থাকবে
না।
২০২১ সালের সেপ্টেম্বরে কোলন থেকে টিউমার
সরানোর পর নিয়মিত কেমোথেরাপির মধ্য দিয়ে যাচ্ছিলেন পেলে। ২০১২ সালে কোমরে অপারেশনের
পর একাকী হাঁটাচলা করা কষ্টকর হয়ে পড়েছিল তার জন্য।
পেলেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার গণ্য
করেন পণ্ডিতরা। তার নামের পাশে জায়গা পেয়েছেন দিয়েগো ম্যারাডোনার মতো চরিত্র। ২০২০
সালে আর্জেন্টাইন লিজেন্ড ম্যারাডোনা যখন মারা যান পেলে লিখেছিলেন, আশা করি, একদিন
স্বর্গে আমরা একসঙ্গে ফুটবল খেলব।
পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। ১৯৫৮ সালে
ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ। পরপর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিনবার নিজের
দেশকে করেছেন চ্যাম্পিয়ন। বিশ্বের আর কোনো ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই।
তিনি ক্লাব ও দেশের হয়ে ১ হাজার ৩৬৩টি ম্যাচ খেলে মোট ১ হাজার ২৮১টি গোল করেছেন যা
বিশ্ব রেকর্ড।
‘ফিফা’ ম্যাগাজিনের পাঠক ও জুরি বোর্ডের বিচারে
পেলেই ছিলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ফুটবলার। ইন্টারনেটে সাধারণ ফুটবলপ্রেমীদের ভোট
গিয়েছিল যদিও দিয়েগো ম্যারাডোনার পক্ষে। ফিফা শেষ পর্যন্ত যুগ্মভাবে দুজনকেই শতাব্দীসেরা
ঘোষণা করে।










