সিলেট স্ট্রাইকার্সের দাপটের মধ্য দিয়ে শেষ হয়
নবম বিপিএলে ঢাকায় প্রথম পর্বের খেলা। ঢাকায় প্রথম পর্বে ৮ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যাতে সর্বোচ্চ চারটি জয়ে পয়েন্ট টেবিলের
শীর্ষস্থানে রয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট। আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে
চট্টগ্রাম পর্ব। দুপুর দুটায় উজ্জীবিত স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে
সাকিব আল হাসানের ফরচুন বরিশাল, সন্ধ্যায় সাতটায় শুরু হবে
খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের লড়াই।
চট্টগ্রাম ও বরিশাল উভয় দলই সমান দুটি করে ম্যাচ
খেলে একটি করে জয় পেয়েছে। দুটি দলই হেরেছে সিলেটের কাছে। বরিশাল প্রথম ম্যাচে
সিলেটের কাছে হারলেও ১০ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরকে হারিয়েছে ৬
উইকেটে। চট্টগ্রাম প্রথম ম্যাচে সিলেটের কাছে হেরেছে, দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে খুলনাকে। বরিশাল ও
চট্টগ্রাম উভয় দল শুক্রবার সাগরিকায় নামছে নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে।
ঢাকায় নিজেদের শেষ ম্যাচে খুলনার ১৭৮ রান মাত্র
এক উইকেট হারিয়ে টপকে যায় চট্টগ্রাম। অথচ এই দলটিই নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৮৯
রান তুলেছিল। দুই ম্যাচের তফাত্ নিয়ে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ মাধ্যমে
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ কোচ জুলিয়ান উড জানান, দুই ম্যাচের মধ্যে তফাত্ ছিল কেবল মানসিকতায়।
তিনি বলেন, আমি ছেলেদের মন খুলে খেলার
স্বাধীনতা দিয়েছি। কোনো ভয় না পেয়ে খেলতে অনুপ্রাণিত করেছি। প্রথম ম্যাচে ছেলেদের
দেখে খুব ভীত মনে হয়েছে। এরপরও চেষ্টা করেছি তাদের নিজেদের মতো খেলতে দিতে। তার ফল
কী হয়েছে তা সেদিন আমরা দেখেছি। উসমানকে (খান) স্বাধীনতা দিয়েছি এবং সে
ম্যাচ জিতিয়েছে।
এদিকে, তামিম ইকবাল, ইয়াসির আলীদের খুলনা দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে।
আর রংপুর দুটি ম্যাচ খেলে জিতেছে একটি। ঢাকায় সর্বশেষ ম্যাচে তারা হেরেছে
চট্টগ্রামের কাছে। পাকিস্তানি ক্রিকেটার আজম খানের সেঞ্চুরিতে বড় সংগ্রহও গড়ে জেতা
হয়নি খুলনার। তার সেঞ্চুরি বিফলে যায় চট্টগ্রামে আরেক পাকিস্তানি উসমান খানের
সেঞ্চুরির কাছে। সেই ক্ষত কাটিয়ে খুলনা প্রথম জয়ের লক্ষ্যে শুক্রবার রংপুরের
মুখোমুখি হবে। নুরুল হাসান সোহানের রংপুর প্রথম ম্যাচে হারিয়ে দেয় কুমিল্লা
ভিক্টোরিয়ান্সকে। যদিও ঢাকায় ১০ জানুয়ারি ঘটনাবহুল ম্যাচে ম্যাচে তারা বরিশালের
কাছে হেরে যায়।










