প্রথম ইনিংসে ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস, বল হাতে নিলেন তিন উইকেট। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে কঠিন চাপের মধ্যে অসাধারণ সেঞ্চুরিতে নিশ্চিত করলেন দলের জয়। শুভাগত হোমের দুই সেঞ্চুরিতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চ্যাম্পিয়ন হলো ওয়ালটন মধ্যাঞ্চল। এটা বিসিএলে তাদের তৃতীয় শিরোপা।
গত বৃহস্পতিবার ফাইনালের শেষ দিনে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বিসিবি দক্ষিণাঞ্চলকে চার উইকেটে হারায় মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের দেয়া ২১৮ রানের লক্ষ্যটা ছয় উইকেট হারিয়ে টপকে যায় মধ্যাঞ্চল। হার না মানা অনবদ্য ১১৪ রানের ইনিংস খেলে শিরোপা নিশ্চিত করেন শুভাগত।
প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল করে ৩৮৭ রান। জবাবে শুভাগত ও মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে মধ্যাঞ্চল সংগ্রহ করে ৪৩৮ রান। ৫১ রানে পিছিয়ে থাকা দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৬৮ রানে। তাদের পুঁজি দাঁড়ায় ২১৭ রান। ২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬৮ রানে ছয় উইকেট হারায় মধ্যাঞ্চল। বিপর্যয়ের সময় দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রীতিমতো রূপকথা লিখলেন শুভাগত হোম। মধ্যাঞ্চলকে জেতাতে সামনে থেকেই নেতৃত্ব দিলেন দলটির অধিনায়ক। সঙ্গে পেয়েছিলেন উইকেটকিপার ব্যাটার জাকের আলীকে। তাদের অবিচ্ছিন্ন ১৫৩ রানের জুটিতে শিরোপা উৎসবে মাতে মধ্যাঞ্চল।
ফাইনালের ম্যাচসেরা শুভাগত। ১০০ গড়ে এবারের বিসিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০০ রান করেন এ অলরাউন্ডার। সর্বোচ্চ ৪৬৮ রান করে সিরিজসেরা মোহাম্মদ মিঠুন। ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ শিকারি মধ্যাঞ্চলের অর্থোডক্স স্পিনার হাসান মুরাদ। ১৮ উইকেট নিয়ে দুইয়ে দক্ষিণাঞ্চলের নাসুম আহমেদ।
্এদিকে আজ সিলেটে শুরু হচ্ছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে।










