কোয়ার্টারফাইনালে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপের আসর থেকে বিদায় নেয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বিশ্বকাপ জয়ের জন্য পর্তুগালের বাঁচা-মরার ম্যাচটিতে শুরুতে মাঠেই নামানো হয়নি ক্রিস্টিয়ানোকে। অবশ্য এক গোল হজম করার পর কোচ ফার্নান্দো সান্তোস ৫১ মিনিটে গিয়ে রোনালদোকে মাঠে নামান। তবে তাতে কোনো লাভ হয়নি। মরক্কোকে ওই গোল আর শোধ করতে পারেনি পর্তুগাল। এ নিয়ে কোচের ওপর সমর্থকরা তো বটেই চটেছেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজও। খবর এনডিটিভি।

ইনস্টাগ্রামে রোনালদোকে উদ্দেশ্য করে জর্জিনা লেখেন, তোমার বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। সেই বন্ধু, তুমি সারাক্ষণ যার প্রশংসা করে বেড়াও। যখন তোমাকে মাঠে নামালেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

কোচ সান্তোসকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আপনি বিশ্বের সেরা খেলোয়াড়ের অবমূল্যায়ন করতে পারেন না, সে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র।

অবশ্য রোনালদোকে দেরিতে মাঠে নামানোয় কোনো আক্ষেপ নেই সান্তোসের। তিনি বলেন, মনে হয় না কোনো ভুল করেছি, তাই আমার কোনো আক্ষেপ নেই। রোনালদোকে ছাড়াই পর্তুগাল সুইজারল্যান্ডকে ছয়টি গোল দিয়েছে।

তবে রোনালদো যে অসাধারণ খেলোয়ার তা স্বীকার করেন তিনিও। বলেন, পর্তুগালের এ পরাজয়ে সবচেয়ে বেশি দুঃখ বোধহয় আমি আর রোনালদোই পেয়েছি।