বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গুঞ্জন রয়েছে, এবারের বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত সন্দেহেই তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুরোধ করেছে বিসিবি।

বিজয় বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন। এবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এর মধ্যেই বিজয়ের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এলো।

৩২ বছর বয়সী এনামুল গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন। দুর্দান্ত ফর্মে থাকার পরও তাকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেয়া হয়। রাজশাহী সে সময় জানিয়েছিল, ব্যাটিংয়ে এনামুলকে বেশি মনোযোগী করতে অধিনায়কত্বে বদল আনা হয়েছে।

বাংলাদেশ দলের হয়ে ৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলেছেন বিজয়। এবারের বিপিএলে ১২ ম্যাচে ১ সেঞ্চুরিসহ ৩৯২ রান করেছেন, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।

রাজশাহী ১২ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে। তবে প্লে-অফে খেলতে পারবে কি না তা নির্ভর করছে আজকের ঢাকা-খুলনা ম্যাচের ওপর। রাজশাহীর ভাগ্যে কী আছে, তা একটু পরই জানা যাবে। তবে বিজয়ের বিপিএল মিশন যে শেষ, একথা নিশ্চিত করেই বলা যাচ্ছে।