বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। চলতি আসরে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ফরচুন বরিশাল উঠেছে ফাইনালে। কিন্তু ফাইনালের আগে দুশ্চিন্তায় বরিশাল। কারণ পেটের পীড়ায় আজ অনুশীলনে আসতে পারেননি, ফাইনালের আগে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন আর ট্রফি প্রদর্শনীতেও আসেননি তিনি।
সাকিবকে ছাড়াই আজ হয়েছে ট্রফি উন্মোচন। তার জায়গায় বরিশালের প্রতিনিধি হয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আসেন নুরুল হাসান সোহান। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে ছিলেন অধিনায়ক ইমরুল কায়েস।
এবারের বিপিএলে এখন পর্যন্ত আটটি জয় পেয়েছে বরিশাল। তার পাঁচটি জয়ের নায়ক ছিলেন সাকিব। টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে গড়েছেন রেকর্ড। ফাইনালেও দলের আশা-ভরসার প্রতীক তিনি। যদিও এমনই সময় দুঃসংবাদ।
অবশ্য এটা পেটের পীড়া নাকি অন্য কিছু, তা নিয়ে খানিকটা ধোয়াশা থাকছেই। ট্রফি প্রদর্শনীতে তার না থাকা সম্পর্কে নুরুল হাসান যা বললেন তাতে রহস্য থাকল। তার কথায়, ঐচ্ছিক অনুশীলনে কিংবা সংবাদ সম্মেলনে না এলেও জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি (সাকিব)। গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, আমরা করেছি। সাকিব ভাই হয়তো জিম বা কিছু করছেন, এ কারণে এখানে আসতে পারেননি। যার কারণে আমার এখানে আসা। আসলে এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে আমি আসার আগে যখন উনাকে দেখেছিলাম তখন উনি জিমে ছিলেন। তার পরে কি হয়েছে জানি না।










