পাকিস্তান সিরিজ শেষ করেই নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। আজ (শুক্রবার) স্থানীয় সময় সকালে ক্রাইস্টচার্চে পৌঁছেছে মুমিনুল হকের দল। পৌঁছেই এক সপ্তাহের কোয়ারেন্টিনে চলে গেছে পুরো দল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ করে ওই রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা।

সাত দিনে ক্রিকেটার-স্টাফদের তিনবার কোভিড টেস্ট করানো হবে। এরপর করোনা পরীক্ষার ফল সাপেক্ষে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা। গত ২০ বছরে তিন ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনো ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর দলের অবস্থা এমনিতেই টালমাটাল। তার ওপর পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স তো আছেই।

এবারের সফরে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে তামিমকে বিবেচনা করা হয়নি। অন্যদিকে আগেরবারের মতো এবারো নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব।

আগামী বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ, ফজলে মাহমুদ রাব্বি।