মেলবোর্নে ভারী বর্ষণের কারণে আজ বিশ্বকাপের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ড, তবে এ ম্যাচে টসই অনুষ্ঠিত হতে পারেনি। ভেজা আউটফিল্ডের কারণে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুপুরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও পরিত্যক্ত হয়। স্থানীয় সময় রাত ৮টা ৪৮ মিনিটে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

 

দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া এই চার দলেরই এখন সমান তিন পয়েন্ট করে ঝুলিতে, আর সমান দুই পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ ও ছয় নম্বরে শ্রীলংকা ও আফগানিস্তান। সবচেয়ে ভালো রানরেট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড (+৪.৪৫০)। এছাড়া ইংল্যান্ডের (+)০.২৩৯, আয়ারল্যান্ডে (-) ১.১৬৯, অস্ট্রেলিয়ার (-) ১.৫৫৫। শনিবার দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা। ওই ম্যাচের বিজয়ী এককভাবে শীর্ষে উঠে যাবে।

 

রান রেটের হিসেব নিয়ে অস্ট্রেলিয়ার দলনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ম্যাচ জেতা। এরপর আপনার নিট রানরেট নিয়ে হিসাব করার প্রশ্ন আসবে। এখন আমাদের আফগানিস্তান ও আয়ারল্যান্ড ম্যাচের জন্য তৈরি হতে হবে এবং যতটা পারি নিয়ন্ত্রণ করতে হবে।

 

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও হতাশ। আগের ম্যাচে আইরিশদের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন তারা, কিন্তু বৃষ্টি ভাসিয়ে নিল সেই স্বপ্ন। তার কথায়, বড় একটি আসর বলে আমরা হতাশ। এখন টুর্নামেন্টে টিকে থাকতে পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা। টুর্নামেন্টের আগে আমরা ভালো কিছু ক্রিকেট খেলেছি। কিন্তু এখানে এখন পর্যন্ত যে পারফরম্যান্স তাতে আমরা খুশি নই। যদিও খেলোয়াড়দের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে বাকি টুর্নামেন্টে তারা ভালো খেলবে।

 

নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে অস্ট্রেলিয়া।  ইংল্যান্ড প্রথম ম্যাচে হারায় আফগানিস্তানকে। অস্ট্রেলিয়া পরের ম্যাচে সাত উইকেটে হারায় শ্রীলংকাকে, আর ইংল্যান্ড অঘটনের শিকার হয় আইরিশদের কাছে। আজ তৃতীয় ম্যাচ থেকে দুই দল এক পয়েন্ট করে ভাগাভাগি করল অজি ও ইংলিশরা।

 

এদিকে, আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভীষণ হতাশ আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। তিনি বলেন, আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই হতাশ, এত সুন্দর একটি মাঠে খেলতে না পেরে। রশিদ (খান) ও আমি এখানে খেললেও অন্যরা খেলেনি। কিন্তু আবহাওয়ার বিষয়টি তো আর আমাদের হাতে নেই। কাজেই এটা আমাদের মেনে নিতে হবে। আমরা এখন পরের ম্যাচ নিয়ে ভাবছি, আশাকরি সেটিতে জয় পাব।

 

আইরিশ দলনায়ক অ্যান্ডি বলবির্নিও হতাশা প্রকাশ করলেন। তিনি বলেন, আমরা খুবই হতাশ। আমরা ভালো ক্রিকেট খেলছি এবং এ ম্যাচের দিকে তাকিয়ে ছিলাম। তবে আবহওয়া নিয়ে আমাদের কিছু করার নেই।

 

সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আয়ারল্যান্ড। মঙ্গলবার সকালে আফগানরা খেলবে শ্রীলংকার বিপক্ষে, দুপুরে লড়বে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।