ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফি জিতলেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। মঙ্গলবার মধ্য রাতে কাতারের দোহায় জমকালো অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো।
‘বঞ্চিত’ হয়েছেন ধরে নিয়ে সম্প্রতি ফিফা ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান বয়কট করেন ভিনিসিয়ুস ও তার রিয়াল মাদ্রিদ সতীর্থরা। তখন ব্যালন ডি’অর পুরস্কার জিতে নেন ম্যানসিটি ও স্পেনের ডিফেন্ডার রদ্রি। তা নিয়ে ফুটবল বিশ্বে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। এবার ভিনিসিয়ুস বড় কোনো শিরোপা জিতলেন। ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ দুই পুরস্কার।
২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিনিসিয়ুস। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্সকে পুরস্কারের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। এ সময় ভিনিসিয়ুস ২৪ গোল করার পাশাপাশি ১১ গোলে অ্যাসিস্ট করেন।
এটা ভিনিসিয়ুসের প্রথম কোনো ফিফা পুরস্কার। আগের দুটি পুরস্কার জয় করেন লিওনেল মেসি, তার আগের দুটি পান পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি।
এদিকে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা শিরোপা জিততে সাহায্য করে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন এমি মার্টিনেজ। তিনি ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট-এ দুবার করে সেরা গোলকিপারের পুরস্কার জিতলেন। এছাড়া বিশ্বকাপের সেরা গোলকিপারও হয়েছেন।










