আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের জন্য বিশ্বকাপ সুপার লিগের সময়সীমা বাড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের সময়সীমা আগামী বছর ৩০ মার্চ পর্যন্ত ছিল। বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের আবেদনের ফলে এই সময়সীমা আরো ৪৫ দিন বাড়ানো হয়েছে।

 

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ওই বিশ্বকাপে স্বাগতিক ভারত ও সুপার লিগ টেবিলের শীর্ষে সাত দল সরাসরি টিকিট পাবে।

 

কভিড-১৯ মহামারীর কারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজ দু দুবার স্থগিত হয়ে যায়। প্রথমবার ২০২০ সালে এবং দ্বিতীয়বার গত বছর মে মাসে সিরিজটি হওয়ার কথা থাকলেও বাতিল হয়ে যায় করোনার কারণে। সম্প্রতি ২০২২ সালের জন্য আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সূচি ঘোষণা করে। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে এ বছর তাদের সঙ্গে খেলতে পারছে না বাংলাদেশ। দুই বোর্ড আলোচনা করে আগামী বছর সময় বের করেছে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইরিশ ক্রিকেট বোর্ড আইসিসিকে অনুরোধ করলে সুপার লিগের সময়সীমা বাড়ানো হয়। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, হ্যাঁ, আইসিসি সুপার লিগের কাট-অফ ডেট বাড়ানো হয়েছে। বিসিবি এবং ক্রিকেট আয়ারল্যান্ড আইসিসিকে এটি বাড়ানোর জন্য অনুরোধ করেছিল, যাতে আমরা সফর শেষ করতে পারি। মে মাসে (২০২৩ সালের) সিরিজ খেলার আশা করছি।

 

২০২০ সালের মে মাসে তিনটি ওয়ানডে ও চারটি টি২০ খেলার জন্য আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কভিড-১৯ এর কারণে তখন সিরিজ স্থগিত করা হয়। গত বছরও আরেকবার সিরিজ বাতিল হয়।

 

এ মুহূর্তে সুপার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ১৫ ম্যাচে ১০০ পয়েন্ট নিয়ে তামিম ইকবালের দল রয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে। বিশ্বকাপ বিবেচনায় প্রতিটি পয়েন্টই মূল্যবান। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা কাজে লাগাতে চায় বাংলাদেশ।