রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে চারে ব্যাটিংয়ে নামা জো রুট দেখলেন ১১২ রানে দলের পঞ্চম উইকেটের পতন হতে। সিরিজে ১-২-এ পিছিয়ে থাকা দলটিকে খাদের কিনারা থেকে টেনে তোলার ভার তখন তারই কাঁধে। তিনি এ দায়িত্বটা দারুণভাবে পালন করলেন। ২৭৪ বলে ১২২ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলকে এনে দিলেন ৩৫৩ রানের পুঁজি। রুটের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়েই বোলাররা এগিয়ে রাখলেন ইংল্যান্ডকে। গতকাল দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ২১৯/৭। স্বাগতিকরা পিছিয়ে রয়েছে ১৩৪ রানে।

রুটের পর রাঁচিতে আলো কাড়লেন তরুণ স্পিনার শোয়েব বশির। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলা এ ১৯ বছর বয়সী অফ স্পিনার ভারতের তারকাখচিত ব্যাটিং অর্ডারকে এলোমেলো করে দিয়ে শিকার করলেন ৪ উইকেট। মধ্যাহ্নভোজ ও চা-বিরতি বাদে টানা ৩২ ওভার বোলিং করেছেন তিনি। খরচ করেছেন ৮৪ রান। 

১৭৭ রানে ৭ উইকেট পতনের পর হাল ধরেন ধ্রুব জুরেল ও কুলদীপ যাদব। ১৭.৪ ওভার লড়ে দুজন বোর্ডে যোগ করেন ৪২ রান। জুরেল ৩০ ও কুলদীপ ১৭ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন মাঠ ছাড়েন। শোয়েব বশির ৮৪ রানে চারটি ও টম হার্টলি ৪৭ রানে দুটি উইকেট নেন।  

রুটের লড়াকু সেঞ্চুরির পর রাঁচির উইকেটে ঘূর্ণির জাদু দেখান শোয়েব বশির ও টম হার্টলি। তৃতীয় ওভারে অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফেরান অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। এরপর বশির ও হার্টলির ধারাবাহিক শিকারে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। বশির ফেরান আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা জশস্বী জয়সাল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা আর রজত পতিদারকে। হার্টলির শিকার হন সরফরাজ খান ও রবিচন্দ্র অশ্বিন।