ইংলিশ স্পিনার টম হার্টলিকে ডাউন দ্য গ্রাউন্ড ছক্কা হাঁকিয়ে পৌঁছে যান ৪৯-এ। পরের বলে লেগে এক রান নিয়ে পূর্ণ করেন ফিফটি। অভিষেক টেস্টে ৪৮ বলে ফিফটি করেন সরফরাজ খান!

 

ইংল্যান্ডের বিপক্ষে আজ রাজকোট টেস্টে ভারতের জার্সিতে অভিষেক ঘটে ২৬ বছর বয়সী সরফরাজের। দারুণ এক ফিফটিতে অভিষেক রাঙালেন এই ডানহাতি ব্যাটার।

 

শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও একটু পরই সাবলীল ব্যাটিং করতে থাকে গত দুই-তিন বছর ধরে ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা এই স্কোরার। আজ ৫০ রান পূর্ণ করেছেন ৭টি বাউন্ডারি ও এক ছক্কার সাহায্যে!

 

ভারতের হয়ে এটা টেস্ট অভিষেকে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি। যুবরাজ সিং ৪২ বলে ও হার্দিক পান্ডিয়া ৪৮ বলে টেস্ট অভিষেকে ফিফটি করেছেন।  

 

চতুর্থ ওভারে ২২ রানে যশস্বী জয়সাল আউট হওয়ার পর ষষ্ঠ ওভারে সাজঘরে ফিরে যান শুভমান গিল। দুজনই মার্ক উডের শিকার। রজত পতিদারও খুব বেশি সময় টিকলেন না আজ। তাকে সাজঘরের পথ দেখান হার্টলি। এরপর রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা ২০৪ রানের জুটিতে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। রোহিত ১৯৬ বলে ১৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১৩১ রান করে মার্ক উডের শিকার হন।

 

এরপর সরফরাজকে নিয়ে আরেকটি দুর্দান্ত পার্টনারশিপে ভারতের সংগ্রহ তিনশ পার করান জাদেজা। এই জুটিতে তিনি ছিলেন কেবলই দর্শক! অভিষিক্ত সরফরাজের ব্যাটিং হয়তো দেখছিলেন মুগ্ধ হয়ে। দুজনের ৭৭ রানের জুটিতে সরফরাজের ৬২, আর জাদেজার রান ১৫। যদিও জাদেজার সিঙ্গেল কলে দৌড় দিয়ে আবার ফেরত আসার সময় রানআউট হয়ে যান সরফরাজ (৬২ রান)।

 

৮৬ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান তুলে প্রথম দিন মাঠ ছেড়েছে ভারত। জাদেজা ১১০ ও কুলদীপ যাদব ১ রানে অপরাজিত রয়েছেন।

 

পাঁচ ম্যাচের সিরিজ ১-১-এ সমতায় রয়েছে। হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ড ও বিশাখাপত্নমে ভারত জিতেছে।