৩০ ডিসেম্বর সোমবার শুরু হচ্ছে একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসর। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানি পেস তারকা শাহিন শাহ আফ্রিদি। খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে। শনিবার দুপুরে নবাগত দুর্বার রাজশাহীর হয়ে মাঠে নামবেন তিনি। বিপিএল খেলতে নামার আগে আজ প্রথমবারের মতো অনুশীলন শুরু করেছেন তিনি। মুখোমুখি হন সংবাদমাধ্যমেরও। সেখানে বেশ হাসিখুশি ছিলেন তিনি।

বাংলাদেশের মাটিতে পা রাখার ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে বরিশালের অনুশীলনে যোগ দেন আফ্রিদি। সেখানে অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের সঙ্গে বেশ খোশ মেজাজে দেখা যায় তাকে।

shaheen

অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আফ্রিদি জানালেন তামিমের ডাকেই তিনি খেলতে এসেছেন। তার কথায়, ‘আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল ছিল। তামিম ভাই আমাকে যখনই কল করেন (আমি তৈরি থাকি)। গত বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত ছিলাম। গত ২-৩ বছরই নানা কারণে খেলতে পারিনি। এবার সময় পেয়েছি। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’

প্রথমবার বিপিএল খেলতে এসে অবশ্য টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলতে পারবেন না আফ্রিদি। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকার কথা তার। তাই বরিশালের হয়ে পাঁচটি ম্যাচ খেলতে পারেন ২৪ বছর বয়সী পেসার। এটুকুই উপভোগ করতে চান তিনি। আফ্রিদি বলেন, ‘বিপিএলে খেলতে আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি অপেক্ষায়। আপাতত সামনে তাকিয়ে। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি ভালো করতে পারব।’