টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেয়ার কীর্তি গড়লেন তাসকিন আহমেদ। বিপিএলে গতকাল দুর্বার রাজশাহীর এ বোলার ঢাকা ক্যাপিটালসের ৭ ব্যাটারকে সাজঘরে পাঠান। ঢাকা এর পরও ৯ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নেয় রাজশাহী।
প্রথম তিন ওভারের মধ্যে দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসানকে আউট করেন তাসকিন। মাঝে স্টিফেন এস্কিনাজিকে (২৯ বলে ৪৬ রান) আউট করেন হাসান মুরাদ ও থিসারা পেরেরা সাজঘরে ফেরেন মোহর শেখের শিকার হয়ে। পরের স্পেলে বোলিংয়ে এসে শাহাদাত হোসেন দিপু (৪১ বলে ৫০), চতুরঙ্গা ডি সিলভা, আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম ও শুভাম রাঞ্জানিকে আউট করেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন।
ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলে এর আগে ৭ উইকেট শিকারের কীর্তি ছিল মাত্র দুজনের। ২০২৩ সালে এশিয়ান গেমস ক্রিকেটে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েন মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস। তিনি ভাঙেন ডাচ্ খেলোয়াড় কলিন অ্যাকারম্যানের রেকর্ড। ২০১৯ সালে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট ক্রিকেটে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেন লেস্টারের এই খেলোয়াড়। এ দুজনের পরই নিজের নামটি লিখিয়ে নিলেন তাসকিন।
২০২০ সালে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তার রেকর্ড ভেঙে একাদশ বিপিএলে বোলিংয়ের নতুন রেকর্ড গড়লেন তাসকিন। ৬ কিংবা তার বেশি উইকেট শিকারের নজির এ দুটিই। ৫ উইকেট নেয়ার নজির আছে ২০ বার।
তাসকিনকে নিরাশ করেননি রাজশাহীর ব্যাটাররা। অধিনায়ক এনামুল হক বিজয় (৪৫ বলে ৬৭*) ও জিম্বাবুইয়ান ব্যাটার রায়ান বার্লের (৩৩ বলে ৫৫*) ব্যাটে ভর করে দাপুটে জয় তুলে নেয় রাজশাহী। এবারের আসরে উদ্বোধনী ম্যাচে ১৯৭ রানের সৌধ গড়েও ফরচুন বরিশালের কাছে হেরে যায় রাজশাহী। দ্বিতীয় ম্যাচে জয় পেল এনামুল-তাসকিনের দল।
বরিশালকে ৮ উইকেটে হারাল রংপুর: এদিকে রংপুর রাইডার্সের বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার খুশদিল শাহ ও ডানহাতি অর্থোডক্স স্পিনার ইফতিখার আহমেদের ঘূর্ণিতে বেসামাল ফরচুন বরিশাল গুটিয়ে যায় ১২৪ রানে। খুশদিল শাহ ১৮ রানে ৩টি ও ইফতিখার ১০ রানে ২টি উইকেট নেন। এই রান তাড়া করতে নেমে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় রংপুর। ৩০ বল হাতে রেখে জিতেছে নুরুল হাসান সোহানের দল।
বিপর্যয়ের দিন তামিমের ১৮ বলে খেলা ২৮ রানই বরিশালের সর্বোচ্চ। এরপর সাইফ হাসান (৪৬ বলে ৬২) ও অ্যালেক্স হেলসের (৪১ বলে ৪৯) ব্যাটে ভর করে বড় জয় তুলে নেয় রংপুর। তিন ম্যাচের সবগুলো জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স।










