ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভাকে অধিনায়ক করে বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে শ্রীলংকা। এই দলে হাসারাঙ্গা ছাড়াও আছেন বর্তমান ওয়ানডে দলনায়ক কুশল মেন্ডিস, টেস্ট দলনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা এবং দুই সাবেক দলনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দাসুন শানাকা। এছাড়া মাঝে মধ্যে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা চারিথ আসালঙ্কা। সব মিলে, এটাকে অধিনায়ক সম্মেলন বললেও অত্যুক্তি হবে কি?

 

কখনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ না খেলেও বিশ্বকাপের দলে জায়গা করে নিলেন স্পিনিং অলরাউন্ডার দুনিত ভেলালাগে। বাংলাদেশে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটার কামিন্দু মেন্ডিস ও সিমার নুয়ান তুষারা বিশ্বকাপের  ১৫ জনের দলে জায়গা করে নিয়েছেন।

 

জ্যেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপগামী বিমানে উঠতে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা ও দাসুন শানাকা। সর্বশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে শানাকার নেতৃত্বে খেলেছে শ্রীলংকা।

 

আগামী ৩ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সিংহলিজরা। এরপর ডালাসে ৮ জুন বাংলাদেশের মুখোমুখি হবে তারা। গ্রুপের শেষ দুই ম্যাচে তারা খেলবে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। ১২ জুন ফ্লোরিডায় নেপালের বিপক্ষে ও ১৭ জুন সেন্ট লুসিয়ায় ডাচদের বিপক্ষে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শ্রীলংকা। সেবার তারা ফাইনালে ভারতকে হারিয়ে দেয়।

 

শ্রীলংকা স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহিশ থিকসানা, দুনিত ভেলালাগে, দুশমন্ত চামিরা, নুয়ান তুষারা, মাথিসা পাথিরানা, দিলশান মদুশঙ্কা। রিজার্ভ: আসিথা ফার্নান্দো, বিজয়াকান্ত বিয়ক্ষান্ত, ভানুকা রাজাপাকসে ও জেনিত লিয়ানাগে।