অবশেষে অস্ট্রেলিয়া ছাড়তেই হচ্ছে টেনিস তারকা নোভাক জোকোভিচকে। অস্ট্রেলিয়ায় অবস্থান এবং আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে করা তার সবশেষ আবেদনটিও বাতিল করে দিয়েছে দেশটির আদালত। এতে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই দেশে ফিরতে হবে এই সার্বিয়ান নাম্বার ওয়ান টেনিস তারকাকে।
বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া সরকার কর্তৃক দ্বিতীয়বার টিকা না নেওয়া খেলোয়াড়দের ভিসা বাতিলের পর জনস্বাস্থ্য বিবেচনায় বিচারকরা তার আবেদন বাতিল করেন। এই সিদ্ধান্তের ফলে ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়ের অস্ট্রেলিয়ান ওপেন জেতার মাধ্যমে ২১তম গ্রান্ড স্লাম জেতার রেকর্ড গড়ার সম্ভাবনার সমাপ্তি ঘটলো।
আদালতের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জোকোভিচ জানিয়েছেন, তিনি খুব হতাশ। তবে আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। এক বিবৃতিতে তিনি বলেন, আমি অস্ট্রেলিয়া ছাড়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করবো।
অস্ট্রেলিয়ান ওপেনের নির্ধারিত সূচি অনুসারে আগামীকাল রাতে প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল তার।
৬ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণের জন্য মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছেন টেনিসের নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচ। এরপর কভিড প্রতিরোধী টিকাগ্রহণ ইস্যুতে তাকে হোটেলে আটক রাখা হয়। স্বাস্থ্যবিধি ইস্যুতে অস্ট্রেলিয়া সরকারের কঠোর অবস্থানের কারণে তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়।










