শঙ্কার মেঘ সরে গিয়ে অবশেষে আলোর মুখ দেখল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর। চূড়ান্ত হয়েছে দুই দলের টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজ। এ বছর ৪ মার্চ শুরু হবে সিরিজ। পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য সম্প্রতি ১৮ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানে খেলবে অজিরা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, দুই দলের রোমাঞ্চকর একটি সিরিজের অপেক্ষায় আমরা। পিসিবি, পাকিস্তান ও অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানাতে চাই, ২৪ বছরে প্রথমবারের মতো সফরটি নিশ্চিত করার জন্য।
রাওয়ালপিন্ডিতে ৪ মার্চ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ১২ মার্চ করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। লাহোরে তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ। সিরিজের ম্যাচগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার প্রথমটি ২৯ মার্চ। পরের দুটি ম্যাচ হবে ৩১ মার্চ ও ২ এপ্রিল। ওয়ানডে সিরিজও আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। রাওয়ালপিন্ডিতে একমাত্র টি২০ ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন
অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, উসমান খাজা, মার্নুস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসের, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল
স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার। ক্রিকইনফো










