এরই মধ্যে এসে পড়েছে আরেকটি বিশ্বকাপ। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২৩তম বিশ্বকাপ মিশন শুরু আজ। তাদের সঙ্গে আরেক ইউরোপিয়ান পরাশক্তি ও বিশ্বকাপে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডসও প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘ই’ গ্রুপ ম্যাচে জার্মানির প্রতিপক্ষ নবাগত কুরাসাও। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। রাত ২টায় ডালাসে ‘এফ’ গ্রুপ ম্যাচে এশিয়ার প্রতিনিধি জাপানের মুখোমুখি হবে ডাচরা।
গত দুটি আসরে শুরুর ম্যাচেই হেরে বসে জার্মানি। বাজে সূচনার পর শেষ অবধি বিদায়ই ঘটে তাদের। এবার শুরুতেই সামনে পড়েছে নবাগত ৮২ র্যাংকধারী ক্ষুদ্র ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। কাজেই এবার অন্তত শুরুর ম্যাচে পরাজয়ের ভয় কম হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যদের। এ দলটির সঙ্গে অবশ্য অতীতে খেলার কোনো অভিজ্ঞতা নেই জার্মানির। সম্প্রতি টুর্নামেন্ট শুরুর আগে স্কটল্যান্ডের কাছে ৪-০ গোলে হেরেছে কুরাসাও। এর আগে ইউরোপের কোনো দলের সঙ্গেও খেলেনি তারা।
এখন পর্যন্ত প্রস্তুতি দারুণ হয়েছে জার্মানদের। ফিনল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় নাগেলসম্যানের দল। সেখানে স্বাগতিক দলটিকে ২-১ গোলে হারান জসুয়া কিমিখরা। এবার মূল মঞ্চের পরীক্ষা।
চারবার (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪) বিশ্বকাপ জিতে ইতালির সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সেরা দল জার্মানি। এ দুই দলের চেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ের কীর্তি আছে কেবল ব্রাজিলের (পাঁচবার)। এছাড়া বিশ্বকাপে চারবার রানার্সআপ ও চারবার চতুর্থ হয়েছে জার্মানরা।
বিশ্বকাপের পরাশক্তি জার্মানি ৩৮ বছর বয়সী কোচ নাগেলসম্যানকে নিয়ে মর্যাদা পুনরুদ্ধারের মিশনে নামছে। এ মিশনে আজ তাদের সামনে অখ্যাত কুরাসাও, যাদের আজই বিশ্বকাপে অভিষেক হচ্ছে। দেশটির জনসংখ্যা মাত্র ১ লাখ ৫৬ হাজার, যা ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে মারাকানার দর্শকের (১ লাখ ৭৩ হাজার) চেয়ে অনেক কম! ডাচ স্বায়ত্তশাসিত অঞ্চল কুরাসাও দলের কোচের দায়িত্বে রয়েছেন চলতি আসরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ডাচম্যান ডিক অ্যাডভোকাত। দলটিতে বড় কোনো তারকাও নেই। সম্প্রতি প্রীতি ম্যাচে স্কটল্যান্ড (৪-১) ও অস্ট্রেলিয়ার (৫-১) কাছে বড় ব্যবধানে হেরে যায় তারা। পরে আরুবাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচের মধ্যে সাতটি জিতেছে তারা। শক্তিশালী জার্মানির সামনে আজ তাদের অগ্নিপরীক্ষা।
আজ রাতে ডালাসে নেদারল্যান্ডস-জাপান লড়াই। ডাচরা বিশ্বকাপের পরীক্ষিত শক্তি, আর জাপান বিশ্বকাপের নিয়মিত মুখ।
দুই দল এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০১০ বিশ্বকাপের সেই ম্যাচে ওয়েসলি স্নেইডারের একমাত্র গোলে ভর করে জাপানকে ১-০ ব্যবধানে হারিয়ে দেয় ডাচরা।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ রেকর্ড বেশ সমৃদ্ধ। ১৯৭৪ ও ১৯৭৮ সালে টানা দুই আসরে তারা রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখায়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে তারা শিরোপার সম্ভাবনা জাগিয়ে ফাইনালে হেরে যায় স্পেনের কাছে। বিশ্ব ফুটবলের পরাশক্তি হয়েও ডাচদের কাছে এখনো বিশ্বকাপ অধরা। অন্যদিকে জাপান ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়। সেই থেকে ‘ব্লু সামুরাই’রা প্রতিটি আসরেই কোয়ালিফাই করেছে। এ নিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে পূর্ব এশিয়ার দেশটি।
‘এফ’ গ্রুপে এ দুই দল ছাড়াও রয়েছে ইউরোপের দেশ সুইডেন ও আফ্রিকান-আরব দেশ তিউনিসিয়া। সোমবার সকাল ৮টায় মক্সিকোর মন্টেরেইতে সুইডেনের মুখোমুখি হবে তিউনিসিয়া।
এছাড়া ফিলাডেলফিয়ায় সোমবার ভোর ৫টায় ‘ই’ গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে আইভরি কোস্ট ও একুয়েডর।










