বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে টানা আট জয়ে সবার আগে প্লে-অফে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।
শুক্রবার পাকিস্তানি তারকা খুশদিল শাহর অলরাউন্ড নৈপুণ্যে জয় পায় রংপুর। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৪ রান তুলতে সমর্থ হয় রংপুর। বামহাতি ব্যাটার খুশদিল ২৮ বলে ৫৯ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৩১ রান তুলতে সমর্থ হয় কিংস। পাকিস্তানি পেসার আকিফ জাভেদ ৩২ রানে ৪টি ও খুশদিল ২৩ রানে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন খুশদিল শাহ।
চলতি বিপিএলে রংপুরের এটি টানা অষ্টম জয়। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে টানা তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় নুরুল হাসান সোহানের দল। এবার বিপিএলে এল টানা আট জয়। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে টানা ১১ ম্যাচ জিতল রংপুর। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের টানা জয়ের রেকর্ড এটি। ২০২৩ সালে চতুর্থ শিরোপা জয়ের পথে টানা ১১ ম্যাচ জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস।
৩০ ডিসেম্বর উদ্বোধনী দিন ঢাকা ক্যাপিটালকে ৪০ রানে হারিয়ে শুভসূচনা করা রংপুর এরপর টানা হারিয়েছে সিলেট, বরিশাল, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রামকে।
রংপুরকে টানছেন পাকিস্তানি বামহাতি স্পিনিং অলরাউন্ডার খুশদিল শাহ। তিনি ব্যাটিং-বোলিং দুটিতেই সমান পারফর্ম করে চলেছেন। ব্যাট হাতে তৃতীয় সর্বোচ্চ ২৭৪ রান করেছেন খুশদিল। সর্বোচ্চ ৩০৮ রান করেছেন ঢাকার তানজিদ হাসান তামিম। উইকেট শিকারে খুশদিল শাহ রয়েছেন চারে। তিনি নিয়েছেন ১১ উইকেট। সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। এছাড়া রংপুরের আকিফ জাভেদ ১২ উইকেট, শেখ মেহেদী হাসান ৯ উইকেট, নাহিদ রানা ৯ উইকেট ও মোহাম্মদ সাইফউদ্দিন ৮ উইকেট নিয়েছেন।
দুর্বার রাজশাহী শুক্রবার সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৪ রান তোলে রাজশাহী। এই রান তাড়া করতে নেমে সানজামুল ইসলামের ঘূর্ণিতে বেসামাল সিলেট ১১৯ রানে গুটিয়ে যায়।










