২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে। পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলের বিবৃতি উল্লেখ করে খবরটি গতকাল প্রকাশ করেছে ডন ও জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম।
এক্স হ্যান্ডলে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে, এ রকম গুঞ্জন কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পাকিস্তানের সংবাদমাধ্যমে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেয়া না হলে পাকিস্তান দলও টুর্নামেন্ট বর্জন করবে কিনা এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এরপর গত ৩০ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনার পর নাকভি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাকে আইসিসি-সম্পর্কিত বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন আমরা সব বিকল্প খোলা রেখেই এটি সমাধান করি।’










