মাউন্ট মঙ্গানুই টেস্টে দুর্দান্ত এক জয়ে আকাশে উড়ছিল বাংলাদেশ। কিন্তু ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাটিতে যেন আছড়ে পড়ল অতিথিরা। আজ টেস্টের দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হয় মুমিনুল হকের দল। স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ৩৯৫ রান। আগামীকাল তৃতীয় দিন কিউইরা যদি বাংলাদেশকে আবারো ব্যাটিংয়ে পাঠায় তবে ফলোঅন লজ্জায় পড়তে হবে সফরকারীদের।
প্রথম ইনিংসের শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। স্কোর বোর্ডে মাত্র ২৭ রান তুলতেই হারিয়ে বসে পাঁচ উইকেট। ইয়াসির আলী ৫৫ ও নুরুল হাসান সোহান ৪১ ছাড়া আর কোনো ব্যাটার দুই অংকের ঘরে যেতে পারেননি। শাদমান ইসলাম ৭, নাঈম শেখ ০, নাজমুল হোসেন শান্ত ৪, মুমিনুল হক ০, লিটন দাস ৮ এবং মেহেদি হাসান মিরাজ ৫ রান করে সাজঘরে ফেরেন। কিউই বোলাদের মধ্যে ট্রেন্ট বোল্ট পাঁচটি, টিম সাউদি তিনটি ও কাইল জেমিসন দুটি করে উইকেট নেন।
এর আগে বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ছয় উইকেটে ৫২১ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। আগের দিনের এক উইকেটে ৩৪৯ রান নিয়ে আজ সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে কিউইরা। ৯৯ রান নিয়ে ব্যাট করতে নামা কনওয়ে দিনের শুরুতেই শতকের দেখা পান। এর পর বেশি দূর যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজের থ্রোতে রান আউট হয়ে থামেন ১০৯ রানে। কনওয়ের ১৬৬ বলের ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা। আগের দিন সেঞ্চুরি পাওয়া কিউই অধিনায়ক টম লাথাম আজ তুলে নেন ডাবল সেঞ্চুরি। ৩৭৩ বলে করেন ২৫২ রান। ইনিংসে ছিল ৩৪টি চার ও দু’টি ছক্কা।
বিদায়ী টেস্টে অভিজ্ঞ রস টেলর করেন ৩৯ বলে ২৮ রান। বাংলাদেশী ক্রিকেটাররা গার্ড অব অনার দেন এই অভিজ্ঞ ব্যাটারকে। এছাড়া টম ব্লান্ডেল ৬০ বলে ৫৭ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে এবাদত হোসেন ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নেন এবং একটি উইকেট নেন মুমিনুল হক।










