সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগে ব্যাটিং করতে নেমে তাসকিন-শরিফুলদের বোলিং তোপে দিশেহারা হয় প্রোটিয়া ব্যাটিং লাইন-আপ। ওডিআইতে তাসকিনের তৃতীয়বার পঞ্চম উইকেট শিকারের দিনে, দক্ষিণ আফ্রিকা ৩৭ ওভারে অলআউট হয়েছে ১৫৪ রানে। ৯ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন তাসকিন আহমেদ।


সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৩৮ রানের পরাজিত করেছিল তামিম ইকবালের দল। সেটি ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম জয়। এবার টাইগারদের সামনে সুযোগ ‘যেখানে প্রথম জয়, সেখানেই সিরিজ জয়’র।

সুপারস্পোর্ট পার্কে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাটিংয়ে নেমে শুরুটাও খারাপ হয়নি দক্ষিণ আফ্রিকার। ১০ ওভারের প্রথম পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৫৭ রান তোলে প্রোটিয়ারা। সপ্তম ওভারের পঞ্চম বলে দলীয় ৪৬ রানের মাথায় ওপেনার কুইন্টন ডি কককে ফেরান স্পিনার মেহেদী হাসান মিরাজ। ১২ রান করেন ডি কক।


এরপর দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। দলীয় স্কোর ৮৩ রান পর্যন্ত যেতে হারায় আরো ৪টি উইকেট। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। ছয় ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৩৯ রান করে ফেরেন ওপেনার ইয়ানেমান মালান। এছাড়া কেশভ মহারাজ ২৮, ডেভিড মিলার ১৬ ও ড্যুরেয়ন প্রেটরিয়াস ২০ রান করেন। তাসকিনের পাঁচ উইকেট ছাড়াও দুটি উইকেট নেন সাকিব। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসালম।