তাসকিন আহমেদ ৬ উইকেট শিকার করে বাংলাদেশকে লড়াই করার ভিত গড়ে দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশের সামনে ৩৩৪ রানের টার্গেট দাঁড়ায়। যদিও এই লক্ষ্য তাড়া করতে নেমে মেহেদী হাসান মিরাজের দল আরেকবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে বড় ব্যবধানে হেরে বসল।

অ্যান্টিগা টেস্টে আজ মঙ্গলবার পঞ্চম ও শেষ দিন ৭ উইকেটে ১০৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৯ উইকেটে ১৩২ রান তোলার পর ১১ নম্বর ব্যাটার শরিফুল ইসলাম পিঠে ব্যথা পাওয়ায় আর খেলতে পারেননি বলে এখানেই ম্যাচ শেষ হয়ে যায়। ২০১ রানের বিশাল জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে লিড নিল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের কিমার রোচ ও জেইডেন সিলস উভয়ই সমান তিনটি করে এবং আলজারি জোসেফ দুটি উইকেট নেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ৪৫ ও জাকের আলী ৩১ রান করেন। প্রথম ইনিংসে ১১৫ রান করা জাস্টিন গ্রিভস বল হাতে নিয়েছেন দুটি উইকেট। তিনিই হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

৩০ নভেম্বর জ্যামাইকার কিংস্টনে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এরপর রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।