চট্টগ্রাম টেস্টে তামিম ইকবালের সেঞ্চুরিতে সফররত শ্রীলংকাকে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল দুই উইকেটে ১৭২ রান। তামিম ১০২ ও মুমিনুল হক এক রানে ব্যাট করছিলেন।


গতকাল তৃতীয় সেশনে ১৯ ওভার ব্যাট করে ৭৬ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। আজ মঙ্গলবার টেস্টের তৃতীয় দিন প্রথম সেশনে হাফসেঞ্চুরি তুলে নেন দুই ওপেনার তামিম ও মাহমুদুল হাসান জয়। দুজনের দৃঢ়তায় বিনা উইকেটে ১৫৭ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফেরার পরই সাজঘরে ফেরেন জয়। ব্যক্তিগত ৫৮ রানে আসিথা ফার্নান্দোর শিকার হন তিনি। তখন দলীয় রান ছিল  ১৬২/১।

 

এরপর তামিমের সঙ্গে যোগ দেয়া নাজমুল হোসেন শান্ত দলকে হতাশ করেন। তিনি মাত্র দুই রান করে কাসুন রাজিথার বলে আউট হয়ে যান। রাজিথা মাত্র চতুর্থ বলেই সাফল্য পান। মধ্যাহ্নভোজের বিরতির পর মাত্র ১০ রানের ব্যবধানে দুই উইকেট হারাল বাংলাদেশ।

 

এর আগে ইনিংসের ৫১তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। এটা টেস্টে তার দশম সেঞ্চুরি। 

 

এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৯৯ রানে ভর করে প্রথম ইনিংসে সবকটি উইকেটে হারিয়ে ৩৯৭ রান সংগ্রহ করে শ্রীলংকা। ১৪তম ক্রিকেটার হিসেবে টেস্টে ১৯৯ রানে আউট হন ম্যাথুস। প্রথম ইনিংসে বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসান ১০৬ রানে ৫ উইকেট শিকার করেন। এটা টেস্টে তার তৃতীয় ৫ উইকেট।