চলতি একাদশ বিপিএলে দুই ম্যাচে দুটি জয় তুলে নিল রংপুর রাইডার্স। আজ মঙ্গলবার সন্ধ্যার ম্যাচে তারা ৩৪ রানে হারায় সিলেট স্ট্রাইকার্সকে। সোমবার সন্ধ্যায় তারা একই মাঠে ৪০ রানে হারিয়েছিল ঢাকা ক্যাপিটালকে।

ব্যাটিং বিপর্যয় থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে রংপুর। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া রংপুরের ৮ ওভারশেষে রান ছিল ৪৫। এরপরও ৬ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় তারা পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ (৪২ বলে ৪৭*) ও অধিনায়ক নুরুল হাসান সোহানের (২৪ বলে ৪১) ব্যাটে ভর করে। এছাড়া খুশদিল শাহ (১৬ বলে ২১) ও শেখ মেহেদী হাসান (৮ বলে ১৬) রান করে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন।

এরপর নাহিদ রানার আগুণে বোলিং রংপুরে দারুণ এক জয় এনে দেয়। সিলেট ৯ উইকেটে ১২১ রান তুলতে সমর্থ হয়। নাহিদ রানা ২৭ রানে ৪টি ও খুশদিল শাহ ১০ রানে ২টি উইকেট নেন। সিলেটের রনি তালুকদার সর্বোচ্চ ৪১ রান করেন।

বুধবার বিপিএলে বিরতি। বৃহস্পতিবার রয়েছে দুটি ম্যাচ। বেলা দেড়টায় ঢাকা ক্যাপিটাল খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে, এই দুটি দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। সন্ধ্যা রংপুর-বরিশাল হাইভোল্টেজ লড়াই।