আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৩৪ রানের পুঁজি নিয়েও দারুণ জয়ে সেমিফাইনালে নাম লেখাল আফগানিস্তান। লো-স্কোরিং ম্যাচে মাত্র ৪ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় লংকান যুবাদের।
লংকানদের অনবদ্য বোলিংয়ের মুখে আফগানরা ৪৭.১ ওভারে ১৩৪ রানে সবক’টি উইকেট হারায়। আবদুল হাদি ৩৭, নূর আহমেদ ৩০ ও আল্লাহ নূর ২৫ রান করেন। ভিনুজা রানপুল ১০ রানে ৫টি ও দুনিত ভেলালাগে ৩৬ রানে ৩টি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ৪৩ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় শ্রীলংকা। এরপর ভেলালাগে (৩৪) ও রবিন ডি সিলভা (২১) খানিকটা লড়লেও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি সিংহলিজ যুবাদের। বিলাল সামি ৩৩ রানে ২টি উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে এবারের আসরে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড যুবারা। শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে পাকিস্তান। তাদের ১১৯ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়ার যুবারা।
গতকাল রাতে শেষ কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের যুবারা। বলাবাহুল্য, বাংলাদেশ এই আসরের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন।










